শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন ভিন রাজ্যের যুবক। পাঁচ দিন চিকিৎসা চললেও তেমন ভাবে সাড়া মেলেনি। মঙ্গলবার ব্রেন ডেথ হওয়ার পরে মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেন পরিজনেরা। তাতে ফের নতুন জীবন পেতে চলেছেন তিনজন রোগী।
জানা যাচ্ছে, মহারাষ্ট্রের ঠাণের বাসিন্দা আকাশ বিজয় নায়ডু (৩৭)-র সঙ্গে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার এক বাঙালি তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল। ২৮ অক্টোবর শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন আকাশ। মাথায় মারাত্মক চোটে জ্ঞান হারান তিনি। তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। কিন্তু আকাশের আর জ্ঞান ফেরেনি। মঙ্গলবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এর পরেই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার।
আকাশের হৃৎপিণ্ড পেয়েছেন আরএন টেগোর হাসপাতালের এক রোগী। দু’টি কিডনির একটি অ্যাপোলো, অন্যটি এসএসকেএম হাসপাতালের রোগী পেয়েছেন। প্রতিস্থাপনের জন্য পাঠানো হয়েছে। তিন গ্রহীতার অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।