Advertisement
E-Paper

‘নির্মাণ সরিয়ে দিন’! ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের

মামলাকারীর দাবি, অভিষেকের লোকসভা এলাকার মধ্যে ফলতাতেই সবচেয়ে বড় সেবাশ্রয় তৈরি হয়েছিল। সেখানে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪
Hearing in Calcutta High Court on a appeal to demolish part of Sebashray of TMC MP Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফলতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দু’টি কাঠামো ভাঙতে চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের মামলার শুনানি শুরু হল বুধবার। অভিযোগ, ফলতায় খেলার মাঠ দখল করে বেআইনি ভাবে দু’টি নির্মাণ করা হয়েছিল। সেই আবেদনের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চের মন্তব্য, ‘‘ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নির্মাণ সরিয়ে দিন। মেডিক্যাল কলেজের নামে অস্থায়ী নির্মাণ তোলা হয়েছে। এত দিনের অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? না কি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবেন?’’

আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। তার আগে মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। অভিষেকের সেবাশ্রয় প্রকল্পের ওই কাঠামোগুলি ভাঙার আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা করেছেন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান। তাঁর বক্তব্য, ফলতা বিডিও অফিসের পাশে খেলার মাঠ, উদ্যান দখল করে সেবাশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছিল। এখন সেবাশ্রয়ের কাজ বন্ধ রয়েছে। তার পরেও বেআইনি ভাবে সেখানে নির্মাণ দু’টি রয়েছে। ওই নির্মাণ অবিলম্বে ভেঙে দেওয়া হোক।

মামলাকারী আমিনুদ্দিনের দাবি, অভিষেকের ওই সেবাশ্রয়ের জন্য স্থানীয় মানুষেরা সমস্যায় পড়ছেন। ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন সরকারি বা সামাজিক অনুষ্ঠান করা যাচ্ছে না। প্রসঙ্গত, গত বছর নিজের লোকসভা এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক। বিধানসভা ভোটের আগে তার জন্য কয়েকটি অস্থায়ী নির্মাণ করেছিলেন তিনি। মামলাকারীর দাবি, অভিষেকের লোকসভার মধ্যে ফলতাতেই সবচেয়ে বড় সেবাশ্রয় তৈরি হয়েছিল। সেখানে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি।

Abhishek Banerjee Sebashray Calcutta High Court TMC Falta

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy