Advertisement
E-Paper

সরে দাঁড়িয়েছেন বিচারপতি শুভ্রা, সুজিত বসুর জামিন মামলা বিচারপতি তীর্থঙ্করকে দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি

মামলা ছেড়ে দেওয়ার পর নিয়ম মোতাবেক মামলাটি চলে যায় প্রধান বিচারপতির কাছে। মঙ্গলবার প্রধান বিচারপতি মামলাটির শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করে দেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ১৮:২৬
Hearing on Sujit Bose\\\\\\\'s bail plea will be held in Justice Tirthankar Ghosh\\\\\\\'s courtroom

(বাঁ দিকে) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে গেল সুজিত বসুর জামিন মামলা (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুজিত বসুর মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই মামলা এ বার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পাঠালেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে ঢুকে তাঁর ব্যক্তিগত সচিবের কাছ থেকে ফাইল চাওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী সুজিতের আইনজীবীর বিরুদ্ধে। ফলে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সুজিতের জামিন মামলার শুনানি শেষ করেও রায় দেননি তিনি। গত বুধবার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, সুজিতের জামিন মামলা থেকে অব্যহতি নিচ্ছেন। কেন তিনি মামলা থেকে সরে যেতে চাইছেন, তার কারণ ব্যাখ্যাও করেছিলেন বিচারপতি। তিনি জানান, মঙ্গলবার সুজিতের এক আইনজীবী তাঁর চেম্বারে যান। সেই সময় নিজের চেম্বারে ছিলেন না তিনি। তাঁর ব্যক্তিগত সচিবকে চেম্বারে থাকা ফাইল দিতে বলেন ওই আইনজীবী। বিচারপতি ঘোষ জানান, ওই আইনজীবী চেম্বারে ঢুকে মামলার রেকর্ড দেখতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। আইনজীবীর এই আচরণ ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছিলেন বিচারপতি।

বিচারপতি শুভ্রা ঘোষ জানান, তিনি গোটা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছেন। মামলা ছেড়ে দেওয়ার পর নিয়ম মোতাবেক মামলাটি চলে যায় প্রধান বিচারপতির কাছে। মঙ্গলবার প্রধান বিচারপতি মামলাটির শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করে দেন। আগামী ৩ সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুজিতের জামিন মামলার শুনানি হবে।

অন্য দিকে, বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে ঢুকে ফাইল চাওয়ার অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন সুজিতের সেই আইনজীবী মৌসুমি ভৌমিকই। হাই কোর্টের প্রধান বিচারপতির সচিবকে চিঠি দিয়ে তাঁর আবেদন, ওই অভিযোগের পরে প্রশ্নের মুখে পড়ছে তাঁর পেশাগত জীবন। সুজিতের আইনজীবীর আর্জি, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করার জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ হোক।

Sujit Bose Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy