বাবা-মা ব্যস্ত ছিলেন অন্য কাজে। উঠোনে খেলা করছিল দেড় বছরের শিশু। কিছু ক্ষণ পরে বাড়ির পাশে খাদে ভেসে ওঠে তার দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলতে খেলতে খাদের জলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হুগলির পান্ডুয়ার শিখিরা-চাপ্তা গ্রাম পঞ্চায়েতের শিবরাই গ্রামে ওই ঘটনা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবরাই গ্রামের বাসিন্দা ভৈরব মুর্মুর দেড় বছরের পুত্র বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলছিল। সেই সময় শিশুটির মা রান্না করছিলেন। বাবা শৌচালয়ে গিয়েছিলেন। পরিবারের অন্য সদস্যও নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সে সময় বাড়ির পাশে থাকা গভীর খাদের জলে পড়ে যায় শিশুটি।
কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যেরা। পরে গ্রামবাসীরাও খোঁজ করতে নামেন। তখন বাড়ির অদূরে খাদের জলে শিশুটিকে ভেসে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
প্রতিবেশী রামজিত মুর্মু জানান, সকালে বাড়ির উঠোনে খেলছিল শিশুটি। তার মা রান্না করছিলেন এবং বাবা শৌচালয়ে গিয়েছিলেন। খেলতে খেলতে কোনও ভাবে খাদের ধারে চলে যায়, তার পরে জলে পড়ে যায় শিশুটি। দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।