নবান্নের অনতিদূরে রাস্তা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। রবিবার ওই নিয়ে চাঞ্চল্য ছড়়িয়েছে এলাকায়। খুনের অভিযোগ করছেন স্থানীয়েরা। যদিও পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনাজনিত কারণেও মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে খবর, নবান্ন থেকে দেড়শো-দু’শো মিটার দূরে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে দু’টি বহুতলের মাঝে একটি রাস্তায় অঞ্জন চক্রবর্তী নামে এক যুবকের দেহ পড়ে ছিল। অঞ্জন স্থানীয় বাসিন্দা। বয়স ৩৫ বছরের আশপাশে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধারের সময় অঞ্জনের মাথা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং কয়েকটি লোহার পেরেক পড়েছিল পাশে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুন না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক নেশা করতেন। নেশার ঘোরে কোনও ভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।