অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ায় জায়গায় জায়গায় বিক্ষোভ-অবরোধ হচ্ছে। শুক্রবারই হুগলির নানা জায়গায় মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। নিজের লোকসভা কেন্দ্রে ওই সমস্যা সমাধানের জন্য শুভেন্দু অধিকারীর সরকারের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল থেকে এনসিপিআই-তে যোগ দেওয়া রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলির সাংসদ জানিয়েছেন, যাঁদের নাম গৃহীত হয়েছে অথচ টাকা পাচ্ছেন না, তাঁদের একটু অপেক্ষা করতে হবে। তার পরেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে তাঁর অফিসে যেন যোগাযোগ করেন মহিলারা।
শনিবার চুঁচুড়ায় ছিলেন রচনা। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাননি অথচ তালিকায় ‘এনলিস্টেড’ যাঁরা, তাঁরাও টাকা পেয়ে যাবেন। ‘দিদি নম্বর ওয়ান’-এর কথায়, ‘‘দেওয়া শুরু হয়েছে (টাকা)। সবুর করুন। তাও যদি না পান, নাম-ঠিকানা লিখে আমার অফিসে এসে দিয়ে গেলে আমি ব্যবস্থা করব। সবাই পাবেন অন্নপূর্ণা।’’
আরও পড়ুন:
চুঁচুড়ার একটি হোটেলে সাংসদ রচনা, চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ, কালীঘাট তৃণমূলের কয়েক জন নেতা এবং হুগলি চুঁচুড়া পুরসভার কয়েক জন প্রাক্তন কাউন্সিলরকে একসঙ্গে দেখা যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা ইস্যুতে মন্তব্য করেন রচনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি নিয়ে তিনি বলেন, ‘‘নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা খুব উঁচু নজরে দেখি। অনেক বড় মানুষ এখান থেকে বেরিয়েছেন। আমরা চাইব, শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা যেন বজায় থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম যেন সর্বদা উজ্জ্বল থাকে।’’ তিনি এ-ও বলেন, ‘‘মানুষ এখন উপলব্ধি করছে যে মোদী ছাড়া গতি নেই।’’