Advertisement
E-Paper

‘প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে ৭৪ বছরের বৃদ্ধ আত্মঘাতী’! মিলল চিরকুট, পাঁচলায় উত্তেজনা, গেল পুলিশ-র‌্যাফ

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম নির্মল খাটুয়া। বয়স প্রায় ৭৪ বছর। শনিবার রাতে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৪:২৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়ির সামনের রাস্তা নিয়ে বিবাদের জেরে আত্মঘাতী বৃদ্ধ! এমনই দাবি করল পরিবার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার পাঁচলার জুজারসাহা গ্রামে। ঘটনার তদন্তে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম নির্মল খাটুয়া। বয়স প্রায় ৭৪ বছর। শনিবার রাতে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। রবিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে এক প্রতিবেশীর সঙ্গে তাদের ঝগড়া হয়। তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেন সেই প্রতিবেশী। সেটা দিন পনেরো আগের কথা। তবে ওই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। অন্য দিকে, বৃদ্ধ নির্মলকে বাড়ি থেকে যাতায়াত করতে গেলে ঘুরপথে অনেকটা হেঁটে যেতে হচ্ছিল।

বাড়ির লোকের আরও অভিযোগ, নির্মল অসুস্থ ছিলেন। এই গন্ডগোলের জেরে ডাক্তার দেখাতেও যেতে পারছিলেন না। এমনকি, আত্মীয়েরাও বাড়িতে আসতে পারছিলেন না। এমতাবস্থায় ভেঙে পড়েছিলেন বৃদ্ধ। রাতে নিজের ঘরে গলায় দড়ি দেন তিনি।

পুলিশ সূত্রে খবর, নির্মলের ঘরে একটি চিরকুট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে সেটি সুইসাইড নোট। ওই চিরকুটে তিন জনের নাম রয়েছে। ওই চিরকুট নির্মলের লেখা কি না, সত্যাসত্য খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, রবিবার সকাল থেকে নির্মলের বাড়ির সামনে ভিড় জমে যায়। তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোয় পুলিশবাহিনী এবং র‌্যাফ যায় ঘটনাস্থলে। পাঁচলা থানার পুলিশ দেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে। শেষমেশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।

Suicide Panchla

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy