হাওড়া স্টেশনে বান্ডিল বান্ডিল নোট-সহ ধরা পড়লেন এক যাত্রী। সুজিত কালে নামে মহারাষ্ট্রের ওই বাসিন্দাকে ইতিমধ্যে আটক করেছে আরপিএফ। তাঁর কাছ থেকে নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে ওই টাকার উৎস কী, সে বিষয়ে সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি সুজিত।
রবিবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে টহল দিচ্ছিলেন আরপিএফ কর্মীরা। সেই সময়েই সুজিতের দিকে নজর যায় বাহিনীর। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আরপিএফ কর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। উত্তর সন্তোষজনক না-হওয়ায় সুজিতের ব্যাগেও তল্লাশি চালান আরপিএফ কর্মীরা। সেই সময়েই ব্যাগ থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। সব মিলিয়ে প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
আরপিএফ সূত্রের খবর, সুজিত মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি দোকান রয়েছে। রবিবার রাতে মুম্বই মেল চেপে তিনি হাওড়ায় পৌঁছোন। সুজিতের দাবি, কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য টাকা নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু তাঁর উত্তর সন্তোষজনক মনে হয়নি আরপিএফের। তা ছাড়া ওই বান্ডিল বান্ডিল নোটের উৎস কী, তারও কোনও ব্যাখ্যা দিতে পারেননি সুজিত। দেখাতে পারেননি ওই নগদ টাকার কোনও নথিপত্রও। তাই তাঁকে আটক করে আয়কর দফতরে খবর দেয় আরপিএফ। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকা এবং আটক ওই ব্যক্তিকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে।