বাড়িতে ঢুকে বৃদ্ধাকে মাদক মেশানো পানীয় খাইয়ে আচ্ছন্ন করে প্রায় ৫০ লক্ষ টাকার হিরের গয়না চুরির ঘটনায় মূল অভিযুক্ত বাড়ির আয়া-সহ দু’জনকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পুতুল বর্মা এবং চন্দন সাউ। পুতুল ওই বাড়িতে আয়ার কাজ করত। বৃহস্পতিবার ভাটপাড়া থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার পুতুলকে ১৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে এবং চন্দনকে ১৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্ট। এর আগে এই মামলায় এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
আদালত সূত্রের খবর, ৪ জুলাই পুতুলের সঙ্গে পরিচয়ের সূত্রে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। তার পরে ৮৪ বছরের বৃদ্ধার বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে আচ্ছন্ন করে তাঁর হিরের বালা, দুল-সহ বিভিন্ন গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশে অভিযোগ দায়ের করেন বৃদ্ধার ছেলে।
পুলিশ সূত্রের খবর, পুতুলের কাছ থেকে দু’টি হিরের দুল উদ্ধার হয়েছে। জেরায় চন্দন জানিয়েছে, এক জোড়া হিরের বালা বিক্রি করা হয়েছে ভাটপাড়ার বাসিন্দা পাপ্পুকুমার যাদবের কাছে। পাপ্পুর ভাটপাড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১৭টি হিরে উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাপ্পু পলাতক। পুতুলের বয়ান অনুযায়ী তল্লাশি চালিয়ে হালিশহরের গোবিন্দ সাউয়ের স্কুটারে রাখা চুরির চারটি রুপোর জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে।