পরিচিত পথ ছেড়ে অজানার খোঁজে যাত্রা। দুর্গম চাং চেনমো উপত্যকায় অনাবিষ্কৃত শৃঙ্গ জয়ের লক্ষ্যে আজ, মঙ্গলবার কলকাতা থেকে লাদাখের উদ্দেশে রওনা দিচ্ছে ১৫ সদস্যের পর্বতারোহীর দল। সোমবার দক্ষিণ কলকাতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়। অভিযানের লক্ষ্য, ৬৫৩৬ মিটার উচ্চতার ‘চাং চেনমো কাংরি’-সহ একাধিক আরোহণ না-হওয়া শৃঙ্গ জয় এবং সমীক্ষার চেষ্টা।
সোনারপুর আরোহীর তরফ থেকে ১৫ জন সদস্য যাচ্ছেন এই অভিযানে। এই বিষয়টি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়, পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত-সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় অভিযাত্রীদের হাতে পতাকা তুলে দেন। অভিযানের নেতৃত্বে রয়েছেন এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা জয়ী রুদ্রপ্রসাদ হালদার। তিনি বলেন, “চাং চেনমো উপত্যকার এমন সব অঞ্চলে আমরা যাচ্ছি, যেখানে এখনও মানুষের পদচিহ্ন প্রায় নেই। গালোয়ান উপত্যকার পাশেই এই জায়গাটি। আমরা যেখানে যাচ্ছি, সেখানে ১৮৮০ সালের পর থেকে সেনা ছাড়া কোনও সাধারণ মানুষ পা রাখেননি।”
কলকাতা থেকে জম্মু, কার্গিল ও লেহ হয়ে ফোবরাং পৌঁছে চাং চেনমো উপত্যকায় প্রবেশ করবে দলটি। ফোবরাংয়ের একটি স্কুলের পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী ও ক্রীড়া সরঞ্জাম তুলে দেবেন অভিযাত্রীরা।