এক বিজেপি কর্মীকে অস্ত্র দিয়ে আঘাতের জেরে তাঁর মৃত্যুর অভিযোগ উঠল বজবজে। এই ঘটনায় আঙুল উঠেছে বজবজে বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি ও তাঁর সঙ্গীদের দিকে। একে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, দেবাশিস পাল নামের ওই ব্যক্তি নিজেকে বিজেপির কর্মী বলে দাবি করেছেন। বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুল মোড়ে দশমীর দিন ঘটনাটি ঘটে। তার পর সঙ্কটজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, বজবজ ৫ নম্বর মণ্ডলের সভাপতির শুভঙ্কর অধিকারী এবং তাঁর অনুগামীরা দেবাশিসকে অস্ত্র দিয়ে আঘাত করেন। শুভঙ্করের দাবি, ‘‘সিপিএম অক্সিজেন পাওয়ার জন্য ঘটনাটিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলছে। পুলিশ তদন্ত করুক।’’
ঘটনায় ধৃত দেব অধিকারীকে রবিবার আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজত হয়। ঋজু পাল নামে আরও এক জনকে সোমবার আদালতে তোলা হয়।