Advertisement
E-Paper

‘মোদী-আদানির বন্ধুত্ব নিয়ে আপত্তিকর দাবি’! কলকাতা হাই কোর্টে মামলা, দেখানো যাবে না ভিডিয়ো, বলল আদালত

আদালতে আদানি গোষ্ঠীর দাবি, ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী মোদী এবং আদানির সম্পর্ক, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এবং সরকারি নীতি নিয়ে এমন বক্তব্য রয়েছে, যা সংস্থাটির ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:০৩

—প্রতিনিধিত্বমূলক ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জুড়ে শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো তৈরি করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল আদানি শিল্পগোষ্ঠী। মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি আর্যক দত্ত। সোমবারই মামলার শুনানি হয়। বিচারপতির নির্দেশ, ওই বিতর্কিত ভিডিয়ো আপাতত দেখানো যাবে না।


আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট ভিডিয়ো, তার ক্লিপ, রিল এবং মূল ভিডিয়োর সঙ্গে বস্তুগত ভাবে একই সংস্করণ প্রকাশ, আপলোড, শেয়ার বা পুনঃপ্রচার করা যাবে না। ইউটিউব, গুগল-সহ সামাজিক মাধ্যমে নির্দিষ্ট ইউআরএল থেকে ভিডিয়ো সরাতে বা তার অ্যাক্সেস বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট ভিডিয়োটি শেয়ার বা পুনঃপ্রচার থেকেও যাতে দেখা না যায়, সেই পদক্ষেপও করতে হবে। সেই সঙ্গে, ওই ভিডিয়োর বিজ্ঞাপন ও তা থেকে আয় বন্ধ।।

সম্প্রতি এক ইউটিউবার আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেন। ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানির সম্পর্ক এবং এর সঙ্গে ব্যবসায়িক সাফল্যের যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলা হয় বলে অভিযোগ। গুজরাতের মুন্দ্রায় জমি বরাদ্দ, কয়লা নিলামের ক্ষেত্রে আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

আদালতে আদানি গোষ্ঠীর দাবি, ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী মোদী এবং আদানির সম্পর্ক, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এবং সরকারি নীতি নিয়ে এমন বক্তব্য রয়েছে, যা সংস্থাটির ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করছে। তাই ওই ভিডিয়ো প্রচারে নিষেধাজ্ঞার আর্জি, ৫০ কোটির ক্ষতিপূরণ দাবি করে আদানি গোষ্ঠী। তাদের তরফে মানহানির মামলা করা হয়।

এই মামলায় অভিযুক্ত ইউটিউবারকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে বলেছে হাই কোর্ট। তার প্রেক্ষিতে পাল্টা হলফনামা দিতে পারবে আদানি গোষ্ঠীও।

Adani Group Gautam Adani Narendra Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy