নিউ টাউনের পাথরঘাটায় পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুর ঘটনার পরে এ বার কেষ্টপুরে একই কারণে পরিবারের এক ছেলেকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বাবা ও আক্রান্তের দুই দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মিঠু খান নামে আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার, কেষ্টপুরের ১৬ ফুট এলাকায়। অভিযুক্ত গৃহকর্তা বাচ্চু ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, তাঁর দুই ছেলে পলাতক।
পুলিশ সূত্রের খবর, বাচ্চুর দু’টি বিয়ে। মিঠু তাঁর প্রথম পক্ষের সন্তান। মঙ্গলবার ওই পরিবারে অশান্তি শুরু হয়। সেই বচসা অচিরেই হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময়ে দ্বিতীয় পক্ষের দুই ছেলেকে নিয়ে মিঠুকে মারধর করেন বাচ্চু। ছুরি দিয়ে মিঠুকে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর জখম হন মিঠু।
কোনও এক জন স্থানীয় বাসিন্দা ঘটনাটি ভিডিয়ো-বন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেন। তা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন স্থানীয় লোকজন। তাঁরাই বাগুইআটি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মিঠুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।