পুজোর মধ্যে রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। সপ্তমীর সন্ধ্যায় কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তা মাথায় নিয়েই শহরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান আলিপুরের ‘সৌজন্য’-এ। শনিবার রাতে সেখানেই রাত্রিযাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার সকাল থেকেই শাহের ঠাসা কর্মসূচি রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১১টা ১০ মিনিটে বেলুড় মঠে যাবেন তিনি। সেখানে প্রতিমা দর্শন ও পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। বেলুড় মঠ থেকে বেরিয়ে তিনি যাবেন বালির দেশবন্ধু ক্লাবে। পরে ‘সৌজন্য’-এ ফিরে মধ্যাহ্নভোজ সেরে শহরের একাধিক নামী পুজো মণ্ডপ পরিদর্শনে বেরোবেন তিনি। চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পরিদর্শন সেরে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। ফিরবেন দিল্লিতে।