E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পচা আনাজের নীচে গাঁজা! উদ্ধার ৬৩৫ কিলোগ্রাম

পুলিশ সূত্রের খবর, ওড়িশা থেকে একটি পণ্যবাহী গাড়িতে বিপুল গাঁজা আনা হচ্ছে বলে খবর মেলে। গাড়িটি বারুইপুর হয়ে ক্যানিংয়ের দিকে যাবে বলেও প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। সেই মতো রবিবার গভীর রাতে অভিযানে নামে পুলিশের বড় দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৭:০০

— প্রতীকী চিত্র।

ভিন্ রাজ্য থেকে আনাজের গাড়িতে লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনায়। বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন্স গ্রুপ অভিযান চালিয়ে পথেই ধরে ফেলে পাচারকারীদের। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয়েছে ৬৩৫ কেজি গাঁজা! যার বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ধৃতদের নাম কুশন সর্দার, ইমামুল মণ্ডল, প্রবীর ঘরামি। এদের বাড়ি ক্যানিং ও বাসন্তী থানা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, ওড়িশা থেকে একটি পণ্যবাহী গাড়িতে বিপুল গাঁজা আনা হচ্ছে বলে খবর মেলে। গাড়িটি বারুইপুর হয়ে ক্যানিংয়ের দিকে যাবে বলেও প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। সেই মতো রবিবার গভীর রাতে অভিযানে নামে পুলিশের বড় দল। বারুইপুর থেকে ক্যানিং যাওয়ার পথে ছয়ানির কাছে একটি পেট্রল পাম্পে সন্দেহজনক একটি পণ্যবাহী গাড়ি আটকানো হয়। চালক-সহ তিন জন ছিল সেই গাড়িতে।

পুলিশ জানায়, গাড়িটি আনাজ বোঝাই ছিল। তার মধ্যে অনেক আনাজেই পচন ধরেছিল। দীর্ঘ পথ অতিক্রম করার ফলেই আনাজে পচন ধরে বলে অনুমান পুলিশের। তল্লাশির সময়ে পচা আনাজ সরাতেই গাঁজা ভর্তি একাধিক বস্তা বেরিয়ে পড়ে। সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা তিন জনকে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বাসন্তীর কোনও একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা।

ধৃতদের হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। ওড়িশার কোথা থেকে গাঁজা আসছিল, বাসন্তীর কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিপুল পরিমাণ গাঁজা কোথায় কোথায় তা সরবরাহ করা হত, এর সঙ্গে আরও কারা যুক্ত— তা-ও তদন্ত করছে পুলিশ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ganja Cannabis Baruipur Baruipur Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy