Advertisement
E-Paper

রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই দুমদাম গ্রেফতার কেন? কোর্টের উপর কি আস্থা নেই? অতীনের মামলায় প্রশ্ন হাই কোর্টের

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীনের বিরুদ্ধে জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। তার পরেই আগাম জামিনের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন বিধায়ক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১২:০৮
তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের মামলা বিচারাধীন থাকাকালীন যেন তাঁকে গ্রেফতার না-করা হয়, রাজ্যকে তা নিশ্চিত করতে বলল কলকাতা হাই কোর্ট। একটি মামলায় অতীনের আগাম জামিনের আবেদনের শুনানি ছিল সোমবার। তা পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার ওই মামলার শুনানি হতে পারে। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে যাতে অতীনকে গ্রেফতার না-করা হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। কেন রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই দুমদাম গ্রেফতার করে নেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তুলেছে আদালত।

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীনের বিরুদ্ধে জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল তাঁকে এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে। তার পরেই আগাম জামিনের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক। তাঁর হয়ে হাই কোর্টে মামলাটি লড়ছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে মঙ্গলবার পর্যন্ত।

শুনানি পিছিয়ে যাওয়ার পরেই গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে রাজ্যকে সতর্ক করে দেয় আদালত। বলা হয়, মামলা বিচারাধীন অবস্থায় গ্রেফতার করা যাবে না। রাজ্যের উদ্দেশে বিচারপতি ঘোষের মন্তব্য, ‘‘মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক ঘটনায় দেখছি, আপনারা গ্রেফতার করে নেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেফতার করে নেওয়া হচ্ছে।’’ বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী বলেন, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে থাকে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। পুলিশকে তা জানিয়ে দেওয়া হবে।

পরে অন্য একটি মামলাতেও ধরপাকড়ের প্রসঙ্গ তুলেছে আদালত। রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই দুমদাম গ্রেফতার কেন করা হচ্ছে, প্রশ্ন তুলে বিচারপতি ঘোষ বলেন, ‘‘কেন এমন হচ্ছে? পুলিশ কি আদালতের উপর আস্থা রাখতে পারছে না?’’ এ ক্ষেত্রেও রাজ্যের আইনজীবী জানান, বিচারাধীন এবং অন্তর্বর্তী নির্দেশ থাকলে সেই মামলায় কড়া পদক্ষেপ যাতে না করা হয়, পুলিশকে তা নিশ্চিত করতে বলা হবে।

West Bengal Police Calcutta High Court Kolkata Police Atin Ghosh Bidhannagar Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy