E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সক্ষমতা উদ্‌যাপনে বিরল রোগে আক্রান্ত শিশুরা

শনিবার বিশ্ব বিরল রোগ দিবসে চার বছরের মতো এ বারও ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’ (আইসিএইচ)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৬:৩৬
নাচে-গানে জমজমাট অনুষ্ঠান। শনিবার, মধুসূদন মঞ্চে।

নাচে-গানে জমজমাট অনুষ্ঠান। শনিবার, মধুসূদন মঞ্চে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’।

খালি গলায় ১১ বছরের শুভশ্রী রায়চৌধুরীর গান তখন মুগ্ধ হয়ে শুনছেন শ্রোতারা। সভাগৃহের বাইরেও ভেসে আসছে গান, যা শুনে শিশুরোগ চিকিৎসকেরা বললেন, ‘‘ওরা যে এখন একা নয়, সেটা বোঝাতেই এই অনুষ্ঠান।’’ সেই মঞ্চে নিজেদের প্রতিভা ও দক্ষতাকে নাচ-গানের মাধ্যমে ফুটিয়ে তুলল কর্কট রোগ ও বিরল রোগে আক্রান্ত এক ঝাঁক শিশু।

শনিবার বিশ্ব বিরল রোগ দিবসে চার বছরের মতো এ বারও ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’ (আইসিএইচ)। ‘বিরল রোগ দিবসে বিরল সক্ষমতার উদ্‌যাপন’ স্লোগানকে সামনে রেখে ওই হাসপাতালের ‘মৃণালিনী ক্যানসার রিসার্চ সেন্টার’-এ চিকিৎসাধীন শুভশ্রী, পিউ জানা-সহ কয়েক জনকে এক মাস ধরে প্রস্তুত করেছেন সেন্টারের কাউন্সেলর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। ঐন্দ্রিলা বললেন, ‘‘আজ ওদের সক্ষমতা উদ্‌যাপনের দিন।’’ দীর্ঘমেয়াদি চিকিৎসার লড়াইয়ে থাকা পরিবারগুলির জন্য সামাজিক উৎসাহ মূল্যবান বলেই জানাচ্ছেন মৃণালিনী সেন্টারের ইন-চার্জ তথা শিশু কর্কট রোগের চিকিৎসক দীপশিখা মাইতি।

ওই হাসপাতালের ‘নিবেদিতা স্কুল ফর স্পেশাল চিলন্ড্রেন’-এর শিক্ষার্থীরা, এক ঝাঁক পথশিশু ও নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন খুদেরা আলোকোজ্জ্বল করে তোলে এ দিনের সন্ধ্যা। দোলের আগে নাচের মাধ্যমে বসন্তের রং ফুটিয়ে তোলে কিডনির অসুখে আক্রান্ত সমাদৃতা কুণ্ডু, ফিজা পরভিনেরা। আইসিএইচ-এর কার্যনির্বাহী অধিকর্তা ও শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, ‘‘পাঁচ হাজার শিশুর মধ্যে এক জন বিরল রোগে আক্রান্ত হচ্ছে। বিরল রোগে আক্রান্ত শিশুরা কী কী করতে পারে না, সেটা নয়। এখন দেখা হোক, তারা কী কী করতে পারে।’’

তবে শুধু চিকিৎসা করেই হাসপাতাল বা চিকিৎসকের দায়িত্ব শেষ নয়। বরং এই সমস্ত রোগীদের সমাজের মূলস্রোতের অঙ্গ করে তোলার দায়িত্ব পালনও জরুরি বলে মত আইসিএইচের অধ্যক্ষ চিকিৎসক জয়দেব রায়ের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rare Diseases Cultural Program Children

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy