প্রবল চিৎকার করতে করতে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছেন এক তরুণী। দু’হাতে চোখ, মুখ ঢাকা। তাঁকে কোনও মতে তুলে ধরে বসানোর চেষ্টা করছেন কয়েক জন। আশপাশের ভিড়ের মধ্যে থেকে ভেসে আসছে হুমকির আওয়াজ! কলকাতার একটি খালপাড় সংলগ্ন বস্তির এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বছর আঠারোর ওই তরুণীকে যৌন নিগ্রহের পরে মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও চার দিন পরে, শনিবার রাত পর্যন্তও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। আক্রান্ত তরুণী ও তাঁর পরিবারের অভিযোগের তির স্থানীয় বিজেপি কর্মীদের দিকে। ওই এলাকার বিজেপি নেতৃত্বের যদিও দাবি, তৃণমূল সরকারের আমলে ওই তরুণীর মা বহু ‘জুলুম’ করেছেন। তারই ফল এখন তাঁরা ভুগছেন।
স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত তরুণীর মা এলাকায় তৃণমূল নেত্রী হিসাবেই পরিচিত। জেলবন্দি এক প্রাক্তন মন্ত্রীর অনুগামী বলেই তিনি এলাকায় নিজের পরিচয় দিতেন। গত ৪ মে ভোটের ফল ঘোষণার পরে কয়েক দিন এলাকাছাড়া ছিলেন তাঁরা। বর্তমানে ওই মহিলা এলাকায় ফিরতেই গন্ডগোলের শুরু। স্থানীয় এক বাসিন্দার মন্তব্য, ‘‘তৃণমূলের জমানায় ছড়ি ঘোরানোর ফল এখন ওঁরা হাতেনাতে পাচ্ছেন।’’
এলাকার বিজেপি নেত্রী ওফেলিয়া বললেন, ‘‘খবর পেয়ে ওখানে গিয়েছিলাম। এলাকার মানুষ জানেন, ওই মেয়ের পরিবার এখানে কী অত্যাচার চালিয়েছে। তা ছাড়া, এসআইআর-এ (ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন) ওই তরুণীর মা এবং পরিবারের অনেকেরই নাম বাদ গিয়েছে। ওঁরা বিদেশি। এমন বিদেশিদের জন্য আমাদের টিকতে সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে ওঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছি।’’ তরুণী যদিও দাবি করেছেন, ‘‘আমার বয়স সদ্য আঠারো হয়েছে। আমি কোনও রাজনীতির সঙ্গে যুক্তই নই। আমার মা এক সময়ে তৃণমূল করতেন বলে কি আমার সঙ্গে এমনটা করা যায়?’’
নির্যাতিতা তরুণীর দাবি, বর্তমানে তাঁরা কলকাতা সংলগ্ন শহরতলিতে থাকেন। ঘটনা যেখানে ঘটেছে, সেই খালপাড়েই তাঁদের আদি বাসস্থান। স্কুলের পরীক্ষার জন্য তিনি খালপাড়ের ওই বস্তিতে সম্প্রতি গিয়েছিলেন। সেখানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে তাঁকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে কয়েক জন। তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপই করা হয়নি বলে তরুণীর দাবি। তাঁর আরও দাবি, এর পরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বস্তির ঘরের কাছেই তিনি ও তাঁর মা বসে ছিলেন। অভিযোগ, সেই সময়েই জনা কুড়ি লোক এসে তাঁদের উপরে চড়াও হয়।
তরুণীর মন্তব্য, ‘‘আমি কেন থানায় অভিযোগ করেছি, সেই প্রশ্ন তুলে আমাদের উপরে হামলা চালানো হয়। কয়েকটি ছেলে আমাকে তুলে নিয়ে গিয়ে আবর্জনার পাত্রের মধ্যে ফেলে দেয়। খারাপ ভাবে আমার শরীরে হাত দেওয়া হয়। মেরে, খামচে শরীরের নানা জায়গায় কেটে দেওয়া হয়। আমাকে বাঁচাতে আমার মা বাঁশ তুলে তেড়ে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। আমার ন’বছরের বোনও রেহাই পায়নি।’’ এর পরে তরুণীর দাবি, ‘‘জাতীয় স্তরে দাবা প্রতিযোগিতায় ভাল ফল করেছি আমি। সামনেই স্কুলের পরীক্ষা। এই অবস্থায় এমন অত্যাচার ভুলতে পারছি না। রাত আড়াইটে নাগাদ থানায় গিয়ে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বিজেপি নেত্রী ওফেলিয়া সিংহ এসে শাসিয়ে গিয়েছেন। আমি নাকি সমস্তটাই মিথ্যে বলেছি।’’