E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

উৎসবের মরসুমে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেন

একাধিক রুটের ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে অপেক্ষমান যাত্রীদের তালিকা দেখে রেল আরও কিছু ট্রেন চালাতে পারে বলে সূত্রের খবর। এ ছাড়াও, বেশ কয়েকটি ট্রেনে পরিস্থিতি খতিয়ে দেখে অতিরিক্ত কোচ যোগ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আসন্ন পুজোর মরসুমে যাত্রীদের সফরের চাহিদা মেটাতে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে। উত্তরবঙ্গ ছাড়াও উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের হায়দরাবাদের উদ্দেশে ওই সব ট্রেন কলকাতার বিভিন্ন স্টেশন থেকে ছুটবে।

একাধিক রুটের ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে অপেক্ষমান যাত্রীদের তালিকা দেখে রেল আরও কিছু ট্রেন চালাতে পারে বলে সূত্রের খবর। এ ছাড়াও, বেশ কয়েকটি ট্রেনে পরিস্থিতি খতিয়ে দেখে অতিরিক্ত কোচ যোগ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের হাওড়া-লামডিং পুজো স্পেশাল প্রতি শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছবে। সেখান থেকে পর দিন শনিবার বেলা ১১টায় ট্রেনটি ছেড়ে তার পরের দিন, রবিবার দুপুর ১২টায় হাওড়ায় পৌঁছবে। এ ছাড়াও, কলকাতা -নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস পুজো স্পেশাল আগামী ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার রাত ১১টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। দু’টি ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরে পূর্ব রেলের অন্তর্গত নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহে স্টেশনে থামবে।

পুজো ছাড়াও নবরাত্রি, দীপাবলি এবং ছট উপলক্ষে পূর্ব রেল রক্সৌল, পটনা, সীতামঢ়ী, গোরক্ষপুর, মধুবনী এবং দিঘার উদ্দেশে বিভিন্ন স্টেশন থেকে আরও ১০টি ট্রেন চালাবে। এর মধ্যে হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল ১৫ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় হাওড়া থেকে ছাড়বে। পরের দিন বিকেল ৪টে ৪৫ মিনিটে ট্রেনটি পৌঁছবে। ফিরতি পথে শুক্রবার ট্রেনটি সেখান থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে হাওড়ার উদ্দেশে ছাড়বে। এ ছাড়া, আরও একটি ট্রেন প্রতি শনিবার হাওড়া থেকে রাত ১১টায় ওই একই গন্তব্যের দিকে রওনা হবে। তবে দু’টি ট্রেনের নম্বর আলাদা। দ্বিতীয় ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

শিয়ালদহ-পটনা পুজো স্পেশাল ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর এবং শিয়ালদহ-সীতামঢ়ী পুজো স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। দু’টি ট্রেন শিয়ালদহ থেকে যথাক্রমে মঙ্গল এবং শুক্রবার চলবে। শিয়ালদহ-গোরক্ষপুর পুজো স্পেশাল প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার ছাড়বে। এ ছাড়াও কলকাতা-মধুবনী পুজো স্পেশাল ট্রেনটি প্রতি মঙ্গল এবং শুক্রবার চলবে।

আসানসোল থেকে পটনা ও গোরক্ষপুরের বিশেষ ট্রেন চালাবে রেল। মালদহ থেকে দিঘার মধ্যে ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বরের মধ্যে একটি বিশেষ ট্রেন ছাড়বে। ওই ট্রেনটি প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে মালদহ থেকে ছাড়বে এবং রাত ১১টায় দিঘায় পৌঁছবে।

দক্ষিণ-পূর্ব রেল আগামী ২ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার শালিমার থেকে সেকেন্দরাবাদ সংলগ্ন চরলাপল্লি স্টেশনের উদ্দেশে এবং ১২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সাঁতরাগাছি থেকে অজমেঢ় স্টেশনের মধ্যে প্রতি সোম ও মঙ্গলবার বিশেষ ট্রেন চালাবে। ওই সব ট্রেনে সাধারণ স্লিপার ছাড়াও বাতানুকূল স্লিপার শ্রেণির কামরা থাকবে।

বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে ছাড়াও রেলের সংরক্ষিত টিকিট বিক্রির কাউন্টার থেকে মিলবে। তবে কবে থেকে ওই সব ট্রেনের টিকিট পাওয়া যাবে, তা রেলের পক্ষ থেকে পরে জানানো হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Durga Puja Special Trains Eastern Railways South Eastern Railways Indian Railways

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy