নিরাপদ এবং সুরক্ষিত উপায়ে ট্রেন চলাচলের জন্য বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে নিপুণ সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। তাই ট্রেন চলাচল ব্যবস্থায় একেবারে সামনের সারিতে থাকা কর্মীদের নিজের বিভাগের কাজ আয়ত্ত করা ছাড়াও সংশ্লিষ্ট অন্য একাধিক বিভাগের কাজের পদ্ধতি এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। যাতে ট্রেন চলাচল প্রক্রিয়ায় কিংবা অন্য কোনও ক্ষেত্রে কোথাও ন্যূনতম অস্বাভাবিকতা চোখে পড়লে তা আঁচ করা সম্ভব হয়। যন্ত্র নির্ভর নজরদারি ব্যবস্থায় কর্মীদের অতিরিক্ত ব্যক্তিগত সচেতনতা বহু ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছে রেল।
এই লক্ষ্যে ট্রেন চলাচল ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক বিভাগের কাজকর্ম সম্পর্কে কর্মীদের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বেলেঘাটায় কর্মী প্রশিক্ষণের মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট (এম ডি ডি টি আই) তৈরি করেছে। পূর্ব রেলে প্রথম এমন কেন্দ্র তৈরি করা হল বলে রেল সূত্রের খবর। সারা দেশের মধ্যে শিয়ালদহের ওই কেন্দ্র সপ্তম বলে রেল সূত্রের খবর।
সম্প্রতি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর ওই কেন্দ্রের উদ্বোধন করেন। রেলের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল এবং স্টোর বিভাগের সমন্বয়ে ওই স্কুল তৈরি হয়েছে। দৈনন্দিন ট্রেন চালনার কাজ ছাড়াও অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলায় কর্মীদের কী করণীয়, সে সম্পর্কে সচেতন করতেই ওই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে রেল সূত্রের খবর।
সব ধরনের লেভেল ক্রসিংয়ের পরিচালন ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন ছাড়াও বিভিন্ন বিভাগের কাজের পদ্ধতি, ট্রেনের সময়জ্ঞাপক বোর্ড কী ভাবে কাজ করে, আগুন এবং ধোঁয়ার বিভিন্ন ধরনের বিপত্তির ক্ষেত্রে কী করণীয়, সে সম্পর্কে কর্মীদের অবহিত করা হচ্ছে। ক্লাসরুমের তত্ত্বগত প্রশিক্ষণের বাইরে গিয়ে ওই কেন্দ্রের প্রশস্ত ক্যাম্পাসে অসংখ্য মডেল এবং হাতেকলমে পরীক্ষার ব্যবস্থা করার জন্য পরিসর তৈরি করা হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লেভেল ক্রসিংয়ের কর্মীদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা ছাড়াও বিভিন্ন স্টেশনে যাত্রীরা কী ভাবে ট্রেনের প্রকৃত সময় জানতে পারেন, তার ব্যবস্থা এখানে গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থা কী ভাবে কাজ করে, ট্রেনের অপারেটিং বিভাগ কী ভাবে কাজ করে, তার খুঁটিনাটি ওই প্রশিক্ষণ কেন্দ্রে শেখানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে আগুন লাগার ঘটনা ঘটলে ট্রেনের চালক, গার্ড ছাড়াও অন্যান্য কর্মীরা কে, কী ভাবে দায়িত্ব পালন করে বিপদের ঝুঁকি কমিয়ে আনতে পারেন, তা-ও শেখানো হচ্ছে।
আগামী কয়েক মাসের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনচালকদের আধুনিক থ্রি-ফেজ় লোকোমোটিভ এবং যাত্রিবাহী ট্রেন চালানোর জন্য সিমুলেটর নির্ভর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও চালু করা হবে। এর জন্য প্রায় ৫ কোটি টাকা খরচ করে আধুনিক সিমুলেটর নিয়ে আসা হচ্ছে।
শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান, নতুন ওই কেন্দ্র কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া ছাড়াও যাত্রীদের নিরাপদ, সুরক্ষিত পরিষেবা প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে।