Advertisement
E-Paper

সকাল থেকে ইডির তল্লাশি তৃণমূল সাংসদ নাদিমুলের বাড়িতে আর অফিসে! মধ্যরাতেও শেষ হয়নি অভিযান

সোমবার সকাল থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচীর একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। প্রতিটি জায়গাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে সম্পর্কিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০
সোমবার সকালে পার্ক সার্কাসে ইডির অভিযান। (ইনসেটে) তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।

সোমবার সকালে পার্ক সার্কাসে ইডির অভিযান। (ইনসেটে) তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। — নিজস্ব চিত্র।

মধ্যরাত পেরিয়েও তৃণমূল সাংসদ নাদিমুল হকের সম্পর্কিত ঠিকানায় ইডি তল্লাশি অব্যাহত। সোমবার সকাল থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচীতে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা। সব মিলিয়ে আটটি ঠিকানায় অভিযান চলছিল। প্রতিটিই তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে সম্পর্কিত বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

কোন মামলার সূত্র ধরে এ দিনের অভিযান, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইডি। তবে তৃণমূল সাংসদ একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত। সেই সূত্র ধরেই তল্লাশি বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। গত অগস্ট মাসে এই সংক্রান্ত বিষয়ে আর্থিক অনিয়মের একটি অভিযোগও দায়ের হয়েছিল।

সোমবার সকালে কলকাতার পার্ক সার্কাসের একটি ঠিকানায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শহরে আরও দু’টি ঠিকানায় অভিযান চলে বলে খবর। দিল্লিতেও নাদিমুলের বাড়ি-অফিস মিলিয়ে মোট চারটি ঠিকানায় অভিযান হয়। এ ছাড়া রাঁচীতেও তল্লাশি করেন আধিকারিকেরা। সূত্রের খবর, দিল্লিতে অভিযান শেষ হয়েছে। পার্ক সার্কাসের একটি ঠিকানায় তল্লাশি শেষ হলেও রাতেই আর একটি জায়গায় হানা দেন আধিকারিকেরা। শেষ পাওয়া খবর পর্যন্ত, সেখানে তল্লাশি চলছে।

উল্লেখ্য, দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে সাংসদের যে বাড়িটি রয়েছে, সেটি তৃণমূলের (কালীঘাট শিবিরের) পার্টি অফিস হিসেবে ব্যবহার হয়। কয়েক মাস আগেই দিল্লিতে কালীঘাট তৃণমূলের অফিস সরিয়ে আনা হয়েছে নাদিমুলের বাংলোয়। আগে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বাংলোর একটি অংশকে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করত জোড়াফুল শিবির। দলে ভাঙনের পরে গত জুনে কালীঘাট শিবিরের নতুন কার্যালয় করা হয় রাজ্যসভার সাংসদ নাদিমুলের বাংলোর একটি অংশে।

সূত্রের খবর, পার্ক সার্কাসে যে ঠিকানায় অভিযান চলছে, সেখানে ওই সংবাদপত্রের একটি দফতর রয়েছে। ওই ঠিকানার বাইরে সংবাদপত্রটির একটি হোর্ডিং রয়েছে। সেখানে লেখা, উর্দুভাষার ওই সংবাদপত্রটি কলকাতা, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকে প্রকাশিত হয়। সংবাদপত্রটির রেজিস্টার্ড অফিস রয়েছে কলকাতার ১২, দরগা রোডে।

Enforcement Directorate TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy