বর্ষা এসে গেলেও যশোর রোডের দু’পাশে থাকা মৃত গাছ ও শুকনো বিপজ্জনক ডাল কাটার কাজ শুরু হয়নি। এর মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার, বনগাঁ শহরের সিকদারপল্লি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপন বিশ্বাস (২৫)।
স্থানীয় সূত্রের খবর, এ দিন বাপন বাইক চালিয়ে যশোর রোড ধরে যাচ্ছিলেন। তখনই ডাল ভেঙে তাঁর ঘাড়ে পড়ে। হেলমেট পরা থাকলেও আঘাত পেয়ে তিনি ছিটকে পড়ে জ্ঞান হারান। স্থানীয়েরা বাপনকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।
এই খবর ছড়াতেই যুবকের পরিজন, এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা যশোর রোড অবরোধ করে মরা গাছ ও শুকনো ডাল কাটার দাবিতে বিক্ষোভ দেখান। সোমবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মৃতের বাড়িতে যান। তিনি বলেন, ‘‘জেলাশাসক ও বন দফতরের কর্তাদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্র কাজ শুরু হবে।’’
প্রশাসন সূত্রের খবর, কয়েক দিন আগে বনগাঁ মহকুমার যশোর রোডে প্রাচীন মরা গাছ ও বিপজ্জনক ভাবে ঝুলে থাকা শুকনো ডাল চিহ্নিত করা হয়েছে। ৬ জুন বন দফতরের অনুমোদনও মেলে। প্রশ্ন উঠছে, তার পরে কেন এত দিনেও কাজ শুরু করা গেল না!
বনগাঁর মহকুমাশাসক শুভম মৌর্য বলেন, ‘‘জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। গাছ কাটার জন্য টেন্ডার ডাকার কাজ মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। শুকনো, মরা ডাল কাটার কাজও দ্রুত শুরু হবে।’’