কলকাতায় ফের অগ্নিকাণ্ড! রবিবার গভীর রাতে মহাকরণের পিছন দিকের বহুতলে আগুন লাগে! লায়ন্স রেঞ্জের ওই বহুতলের উপরের অংশ থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। রাতেই খবর দেওয়া হয় দমকলকে। সোমবার সকালেও ওই ভবনে আগুন নেবানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন।
রাজ্যের পুরনো প্রশাসনিক সদর দফতর মহাকরণে এখনও কিছু দফতরের কাজ কাজ হয়। স্বাভাবিক ভাবেই তার ঠিক পিছনের বহুতলে আগুন লাগার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে ওই বহুতলে আগুন লাগল, কী ভাবেই তা ছড়িয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়য়টি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। তবে দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে আগুন নেবাতে আরও কিছুটা সময় লাগবে বলে ওই সূত্রের দাবি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বহুতলের একটি সংস্থার অফিসে আগুন লাগে। বহুতলের উপরের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই দ্রুত পুলিশ এবং দমকলকে খবর দেন। তার পর দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বহুতলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, কিংবা আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও সবিস্তার তথ্য পাওয়া যায়নি। তবে মূলত বিভিন্ন সংস্থার অফিস হিসেবে ব্যবহৃত হওয়া ওই বহুতল ভবনে রাতের দিকে আগুন লাগায়, কেউ ভিতরে আটকে নেই বলেই মনে করা হচ্ছে।
গত শুক্রবারই কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে সেপ্টেম্বর মাসে উত্তর কলকাতার চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি গুদামে আগুন লাগে। সেখানে রাসায়নিক এবং পোশাক তৈরির সামগ্রী মজুত ছিল। আগুন নেবাতে কাজে লাগানো হয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। সাম্প্রতিক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনাতেই কেউ হতাহত হননি।