বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জাফর আলি মণ্ডলকে গত বৃহস্পতিবার রাতে নারায়ণপুর থানা এলাকার একটি আবাসন থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার তাঁকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শপিং মল থেকে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড কার্তুজ ও একটি ভোজালি উদ্ধার হল। শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ জাফরকে সঙ্গে নিয়ে সহিসপুরের ওই মলে তল্লাশি চালায়। রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
অস্ত্র আইন, যৌন নির্যাতন, লুটপাট ও মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভুয়ো ভোটের প্রতিবাদ করায় বিজেপির এক প্রার্থী ও তাঁর স্বামীর উপরে হামলা চালান জাফর ও তাঁর সহযোগীরা। মহিলাকে যৌন নির্যাতন, বিবস্ত্র করা, আগ্নেয়াস্ত্র দেখিয়েগয়না ও নগদ টাকা লুট এবং হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। সরকারি সম্পত্তি বেআইনি বিক্রির অভিযোগে বনগাঁ থানায়ও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।