মিষ্টির দোকানে অভিযান চালিয়ে মিলল বিষাক্ত রং। আবার একটি খাবারের দোকানে নিমকি ভর্তি প্লাস্টিকের প্যাকেটে মিলল পাখির পালকও। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকায় ১৬টি রেস্তরাঁ ও একটি মিষ্টির দোকানে অভিযান চালান কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের অধীন খাদ্য নিরাপত্তা আধিকারিকেরা।
পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, একটি রেস্তরাঁর বিরিয়ানিতে আপত্তিকর উপাদান মিলেছে। অনেক খাবার ফেলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার স্বাস্থ্য ভবনে ফুড সেফটি কমিশনার রাজ্যের সব ফুড সেফটি অফিসারদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন। ওই বৈঠকে বলা হয়েছে, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে খাদ্য নিরাপত্তা আধিকারিকেরা যে ভাবে খাবারের দোকানে অভিযান চালিয়েছেন, তাতে প্রশাসনের শীর্ষমহল খুশি। কলকাতা পুর এলাকায় এই অভিযান নিয়মিত এলাকা ধরে ধরে করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই এ দিন গোলপার্কে অভিযান চালান খাদ্য নিরাপত্তা আধিকারিকেরা।