শ্রমিকের স্বীকৃতি চাওয়ার পাশাপাশি মাসে ২৬ হাজার টাকা রোজগার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার রাজ্য জুড়ে পথে নামলেন গিগ-কর্মীরা। সিটু অনুমোদিত ‘ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নে’র ডাকে বিভিন্ন জায়গায় শ্রম দফতর অভিযান হয়েছে। পেট্রলের দাম ও মোটরবাইক রক্ষণাবেক্ষণের ৭৫% সংশ্লিষ্ট সংস্থার দ্বারা বহন, সাইকেল ডেলিভারির ক্ষেত্রে দূরত্ব দু’কিলোমিটারের মধ্যে রাখা, পিএফ, মাতৃত্বকালীন ছুটি চালু-সহ নানা দাবি তুলেছে সংগঠনটি। একই সঙ্গে শুধু ঘোষণা নয়, দ্রুত শ্রমিক-প্রতিনিধি নিয়ে দ্রুত কার্যকর ‘গিগ-কর্মী কল্যাণ পর্ষদ’ গঠনের দাবিতেও সরব হয়েছেন নেতৃত্ব। তাঁদের বক্তব্য, কল্যাণ পর্ষদ গঠনের জন্য শ্রম-কমিশনার, মন্ত্রী-সহ নানা স্তর থেকে আশ্বাস মিললেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। ১২ ঘণ্টা কাজ করার পরেও মাসে ৮-৯ হাজার টাকার বেশি তাঁদের হাতে থাকে না বলে জানিয়েছেন আন্দোলনকারী গিগ-কর্মীরা।