পরীক্ষায় টোকাটুকি আটকাতে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে বাউন্সার দিয়ে দেহ তল্লাশির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল হাওড়ার সাঁকরাইল গার্লস হাই স্কুলে। সেই অভিযোগের ভিত্তিতে এ বার তদন্ত শুরু করল হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সোমবার সংসদের তরফে তিন জনের তদন্তকারী দল ওই স্কুলে যায়। স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরা। তদন্তকারী দলে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দুই মহিলা এবং এক পুরুষ সদস্য।
গত ৮-১২ সেপ্টেম্বর পর্যন্ত চলা, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীদের পোশাক খুলিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল ওই স্কুলের বিরুদ্ধে। ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন একাধিক মহিলা পরীক্ষার্থী। তদন্তে নামে পুলিশ। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অভিযোগ, শুধু পোশাক খোলাই নয়, তাঁদের অন্তর্বাস খুলিয়ে চলে দেহ তল্লাশি। হাত দেওয়া হয় যৌনাঙ্গেও। প্রতিবাদ করলে অন্তর্বাস খুলে তা ভিডিয়ো করা হয় বলেও অভিযোগ।
হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপকুমার সাহা বলেন, ‘‘অভিযোগ পেয়েই শিক্ষা সংসদের তরফে তদন্ত শুরু করেছি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি অভিযোগকারীদেরও জিজ্ঞাসাবাদ করব। উভয় পক্ষকে সংসদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত রিপোর্টে অভিযোগ সত্য প্রমাণিত এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’