প্রযুক্তিগত উন্নতির দিকে আরও এক ধাপ এগোল কলকাতা মেট্রো। এ বার থেকে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ লাইনে চালানো হতে পারে চালকহীন মেট্রো। ছাড়পত্র দেওয়া হয়েছে ‘অটোমেটিক ট্রেন অপারেশন মোডে’। এর ফলে মেট্রোচালকদের কাজে আরও সুবিধা হবে। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত পুরোপুরি চালকহীন পরিষেবার কোনও পরিকল্পনা নেই।
গত রবিবার হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ গ্রিন লাইনে মেট্রোর এই প্রযুক্তি পরীক্ষামূলক ভাবে পরিদর্শন করা হয়। সূত্রের খবর, ইতিমধ্যে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) ওই প্রযুক্তির নিরাপত্তাগত দিক খতিয়ে দেখে তা চালু করার ছাড়পত্র দিয়েছেন। রবিবার পরিদর্শনের সময়ে মেট্রোর গ্রিন লাইনের গঙ্গার নীচের অংশ-সহ গোটা রুটেই এই প্রযুক্তি পরীক্ষা করে দেখা হয়। ওই সময়ে সব মাপকাঠিতে প্রযুক্তিটি সফল ভাবে উত্তীর্ণ হওয়ার পরেই এ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়।
এই প্রযুক্তিগত সুবিধার ফলে চালকহীন ভাবে মেট্রো চলাচল করতে পারবে গ্রিন লাইনে। এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘অটোমেটিক ট্রেন অপারেশন মোডে’ ছাড়পত্র মিললেও বর্তমানে পুরোপুরি চালকহীন পরিষেবা চালু হবে না। মেট্রোয় চালকের কেবিনে যেমন চালক থাকেন, তেমনই থাকবেন। তবে প্রযুক্তিগত এই সুবিধার ফলে কেবিনে তাঁর কাজের পরিধি কমে আসবে।
আরও পড়ুন:
রবিবার দুপুরে পরীক্ষামূলক ভাবে এই প্রযুক্তিতে মেট্রো চালানো হয়। তবে বাণিজ্যিক পরিষেবা বা সাধারণের জন্য পরিষেবার ক্ষেত্রে কবে থেকে এই প্রযুক্তির ব্যবহার চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষও এ বিষয়ে কিছু জানাননি।