সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্লু লাইনে প্রায় আধ ঘণ্টা ভাঙা পথে চলল মেট্রো। তার জেরে বিপাকে পড়েন অফিসফেরত যাত্রীরা। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, পার্ক স্ট্রিট স্টেশনে রেক বিকল থাকায় বিপত্তি। সে সময় সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।
যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হতে সমস্যা হচ্ছিল। তার জেরে থমকে যায় পরিষেবা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রমে ভিড় জমতে থাকে মেট্রো স্টেশনে। সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা মেলেনি বলে অভিযোগ। যাত্রীদের একাংশের অভিযোগ, এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও ঘোষণাও করা হয়নি। বোর্ডে ট্রেনের পরবর্তী মেট্রোর সময় ক্রমেই পিছিয়ে দেওয়া হয়। এই নিয়ে কর্মীদের জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ।
কিছু ক্ষণ পরে মেট্রোর তরফে জানানো হয়, পার্ক স্ট্রিট স্টেশনে রেক বিকল হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তত ক্ষণে ভিড় জমে গিয়েছে মেট্রো স্টেশনে। অনেকে আবার স্টেশনে প্রবেশের মুখে খবর পেয়ে ফিরে গিয়ে বাস ধরেন। অফিস থেকে বাড়ি ফেরার পথে সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই। শেষে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।