চলতি বছরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সাত দিন বন্ধ রাখা হয়েছিল রেড রোড। এ বার আসন্ন মহালয়ার অনুষ্ঠান উপলক্ষে তিন দিন ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। প্রশাসনিক সূত্রের খবর, এর সঙ্গে ওই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চলতি সপ্তাহ থেকেই রাতে রেড রোড দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখতে পারে পুলিশ। এমনকি, আগামী বুধবার থেকে তিন দিন রেড রোড দিয়ে দক্ষিণ দিকে, অর্থাৎ ধর্মতলা থেকে খিদিরপুর রোডমুখী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করারও পরিকল্পনা রয়েছে পুলিশের।
লালবাজারের একাংশ জানিয়েছে, মহালয়ার দিন মূল অনুষ্ঠানটি হবে ইডেন গার্ডেন্সে।ওই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে দর্শকদের জন্য রেড রোডে করা হবে বিশেষ মঞ্চ, যেখানে বসে বড় পর্দায় দর্শকেরা সরাসরি ইডেন গার্ডেন্সের অনুষ্ঠান দেখতে পারবেন। এর পাশাপাশি, রেড রোড-সহ ময়দান জুড়ে থাকছে আলোর খেলা। মূলত এই কাজের জন্যই রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, চলতি সপ্তাহে রাতে রেড রোড বন্ধ করে কাজ হলেও মহালয়ার মূল অনুষ্ঠানের দু’দিন আগে থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ওই রাস্তা। সূত্রের খবর, মহালয়ার পরের দিনও বন্ধ রাখা হতে পারে রেড রোড।
পুলিশের একটি অংশ জানিয়েছে, রেড রোড বন্ধ থাকাকালীন সব গাড়ি ডাফরিন রোড এবং মেয়ো রোড দিয়ে ঘোরানো হবে। তবে, মহালয়ার দিন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য রেড রোড এবং ইডেন গার্ডেন্স সংলগ্ন সব রাস্তাতেই যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা রয়েছে।
এত দিন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য এক দিন বন্ধ রাখা হত রোড রোড। পুজো কার্নিভাল চালু হওয়ার পরে গত দশ বছর ধরে ওই অনুষ্ঠানের আগের রাত থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হত। এ ছাড়া, বছরের কয়েক দিন ইদের নমাজের জন্য বন্ধ থাকত ওই রাস্তা।
অন্য দিকে, এ বারই প্রথম পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে হচ্ছে দুর্গাপুজো। সেই উপলক্ষে ক্যামাক স্ট্রিটে হবে জলসা। জলসার জন্য ক্যামাক স্ট্রিট ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলের কাছে রাস্তা জুড়ে মঞ্চ করা হবে। এর জন্য পুজোর ক’দিন যান চলাচল বন্ধ রাখা হতে পারে ক্যামাক স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে বরদান মার্কেট পর্যন্ত অংশে। তবে, দমকলের ইঞ্জিন যাতে যাতায়াত করতে পারে, সে ব্যাপারে পুলিশের তরফে পুজোর উদ্যোক্তাদের বলা হয়েছে। পুলিশের একাংশের দাবি, অ্যালেন পার্কে দুর্গাপুজোর জন্য পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল ব্যাহত হতে পারে। সম্ভাব্য যানজট এড়াতে দর্শনার্থীদের জন্য গার্ডরেল দিয়ে পৃথক চ্যানেল তৈরি করা হতে পারে।