ছিনতাইয়ের অভিযোগে রবিবার তপসিয়া থেকে এক অ্যাপ-বাইক চালককে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের ছিনতাই দমন শাখার তদন্তকারীরা। ধৃতের নাম তৌফিক আলম। বাড়ি তপসিয়ায়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত স্কুটারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে রবিবারই আদালতে তোলা হলে ৭ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
এক পুলিশকর্তা জানান, ঘটনার আগের দিনও যাত্রী নিয়ে যাতায়াত করেছে অভিযুক্ত তৌফিক। সে আর কোনও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিনা, তা দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর সায়েন্স সিটির কাছে অ্যাপ-ক্যাবের জন্য দাঁড়িয়েছিলেন ঠাকুরপুকুরের এক যুবক। তখন স্কুটারে এসে তাঁর মোবাইল ছিনিয়ে পালায় তৌফিক। একটি গাড়ি স্কুটারটিকে ধাওয়া করলেও সেটি ট্যাংরার দিকে পালায়। পুলিশ জানিয়েছে, স্কুটারটি ট্যাংরার একটি মিষ্টির দোকানে থামলে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে সেটির নম্বর মেলে। সেই সূত্রে খোঁজ মেলে অভিযুক্তের। পুলিশের দাবি, স্কুটারের মালিক তৌফিকের জামাইবাবু হলেও তা ব্যবহার করে তৌফিক। স্কুটারের রেজিস্ট্রেশনের ঠিকানার সঙ্গে তৌফিকের বাড়ির ঠিকানার মিল নেই।