আইন-শৃঙ্খলা রক্ষা কিংবা পুজোর সময়ে ভিড় সামলানোর ডিউটি করার জন্য কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের উপ-নগরপালের (ডিসি) অধীন রয়েছে বিশেষ দল। যা ডিসির সঙ্গে বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা রক্ষার কাজে যায়। ওই দলকে বলা হয়ে থাকে ডিসির ট্যাক টিম। এ বার কলকাতা পুলিশের সব ডিভিশনের ডিসি-দের ট্যাক টিমের জন্য পোশাক নির্দিষ্ট করল লালবাজার।
সূত্রের খবর, ডিসির সঙ্গে থাকা ট্যাক টিমের সদস্যদের এ বার থেকে ক্যামোফ্লাজ ধরনের টি-শার্ট বা পোশাক পরতে হবে। ওই টিমের সদস্যদের জন্য প্রথম দিকে নির্দিষ্ট কোনও পোশাক না থাকলেও পরে তাঁরা বিশেষ রঙের টি-শার্ট পরতেন। গত জুলাই মাসে ওই পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন নগরপাল। কলকাতা পুলিশের উর্দি পরতে বলা হয়েছিল সেই সময়ে। সূত্রের খবর, নতুন পোশাক কোথা থেকে তা কিনতে হবে, তা-ও বলে দেওয়া হয়েছে। পুলিশকর্মীদের আশা, পুজোর আগেই ওই পোশাক পরে ডিসির সঙ্গে ডিউটিতে যেতে পারবেন ট্যাক টিমের সদস্যেরা।
রাজ্যে বিগত সরকারের আমলে, প্রায় ১০ বছর আগে প্রথমে ওই দল তৈরি করেন কলকাতা পুলিশের ডিসিরা। এক একটি ডিভিশনে ডিসির অধীনে থাকা ওই দলের মোট সদস্য প্রায় ৪০ জনের কাছাকাছি। কেউই কলকাতা পুলিশের নির্দিষ্ট পোশাক না পরায় তৎকালীন বিরোধীরা বার বার অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে বহিরাগত বা রাজনৈতিক দলের কর্মীরাও যুক্ত হয়ে গোলমাল পাকাচ্ছেন। এমনকি, একাধিক বার অভিযোগ উঠেছে যে ওই দলের সঙ্গে সিভিক ভলান্টিয়ারেরা আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটি করছেন। প্রসঙ্গত, কলকাতা পুলিশ এলাকায় সিভিক ভলান্টিয়ারদের আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটিতে ব্যবহার করা হয় না।
এক পুলিশকর্তা জানান, রাজ্যে নতুন সরকারের সময়ে ওই অভিযোগ যাতে না ওঠে, তার জন্য টি-শার্ট পরে ডিউটিতে যেতে বারণ করা হয়েছিল ট্যাক টিমকে। এ বার পোশাক নির্দিষ্ট করে দেওয়ায় বহিরাগত কেউ বা সিভিক ভলান্টিয়ার মিশে যাওয়ার অভিযোগ উঠবে না বলেই ওই পুলিশকর্তার অনুমান।