E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জ্বালানি-ব্যয় সাশ্রয়ে সার্জেন্টদের ই-বাইক দিতে চায় লালবাজার 

লালবাজার আরও জানাচ্ছে, মহিলা পুলিশ বাহিনীর জন্য কেনা হতে পারে ই-স্কুটার। ইতিমধ্যেই ওই ই-স্কুটারের কার্যকারিতা হাতেকলমে খতিয়ে দেখেছেন কলকাতার নগরপাল-সহ পুলিশের শীর্ষ কর্তারা।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ০৬:৫৪
লালবাজার।

লালবাজার। — ফাইল চিত্র।

জ্বালানির খরচ বাঁচাতে কলকাতা পুলিশ আগেই ব্যাটারিচালিত গাড়ির দিকে ঝুঁকেছে। এ বার ট্র্যাফিক সার্জেন্টদের ই-বাইক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভিত্তিতে ট্র্যাফিক পুলিশের দু’টি গার্ডের দু’জন সার্জেন্টকে ই-বাইক দেওয়া হয়েছে। তাঁরা সেগুলির মাধ্যমে ট্র্যাফিক ব্যবস্থা সামলাচ্ছেন। পুলিশের দাবি, এই উদ্যোগ সফল হলে আগামী দিনে সব সার্জেন্টকে ই-বাইক দেওয়া হবে।

লালবাজার আরও জানাচ্ছে, মহিলা পুলিশ বাহিনীর জন্য কেনা হতে পারে ই-স্কুটার। ইতিমধ্যেই ওই ই-স্কুটারের কার্যকারিতা হাতেকলমে খতিয়ে দেখেছেন কলকাতার নগরপাল-সহ পুলিশের শীর্ষ কর্তারা। প্রসঙ্গত, কলকাতা পুলিশের ‘দুর্গা সুরক্ষা বাহিনী’ (পূর্বতন উইনার্স) সাধারণত স্কুটার ব্যবহার করে থাকে। বাহিনীর অন্দরের অনুমান, এর বদলে ই-স্কুটার দেওয়া হবে বলেই সেগুলির কার্যকারিতা যাচাই করে দেখেছেন পুলিশকর্তারা।

এক পুলিশকর্তা জানান, কয়েক কোটি টাকা ব্যয়ে ২০০টি ই-বাইক কেনার পরিকল্পনা হয়েছে। মহড়া সফল হলে সেগুলি আগামী দিনে তুলে দেওয়া হবে কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে। এর পাশাপাশি, বেশ কয়েকটি সংস্থা লালবাজারে এসে তাদের তৈরি ই-স্কুটারের নমুনা দেখিয়ে নিয়ে গিয়েছে। তবে, কতগুলি ই-স্কুটার কেনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশকর্তা।

সূত্রের খবর, ই-বাইকের মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে বেলেঘাটা ট্র্যাফিক গার্ড এবং হেডকোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের দুই সার্জেন্টকে। তাঁরা আপাতত সাদা ই-বাইক নিয়ে যান নিয়ন্ত্রণ করছেন। সূত্রের দাবি, বর্তমানে ট্র্যাফিক পুলিশে ব্যবহার করা মোটরবাইকে তেলের খরচ অনেক বেশি। প্রতি লিটারে ওই মোটরবাইক ২৫ কিলোমিটার পর্যন্ত চলে। ই-বাইকের ক্ষেত্রে ব্যাটারি চার্জ দিলেই সেটি চলবে। যদিও শহরের সব জায়গায় ই-বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা নেই বললেই চলে।

দীর্ঘদিন কলকাতা পুলিশে ট্র্যাফিক সার্জেন্ট হিসেবে কাজ করা এক আধিকারিকের অবশ্য মত, লাল বাইকের উপস্থিতি ছিল প্রভাবশালী। নতুন ই-বাইক সেই জায়গা পূরণ করতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান একাধিক সার্জেন্ট। আর এক পুলিশ আধিকারিক জানান, দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশ লাল বাইক ব্যবহার করে আসছে। তার আলাদা আভিজাত্য। যা পাওয়া যাবে না ই-বাইকে। প্রসঙ্গত, দেড় দশক আগে সার্জেন্টদের ব্যবহারের জন্য সাদা বাইক কেনা হয়েছিল লালবাজারের তরফে। যা পরে ব্যবহার করছিলেন থানার পুলিশকর্মীরা। তবে, ওই বাইক বেশি দিন টেকেনি বলে সূত্রের খবর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Lalbazar Kolkata Police E-bike

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy