দুর্গাপুজোর সময়ে হাওড়ায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং পথেঘাটে বিপজ্জনক ভাবে ঝুলে থাকা বিদ্যুতের খোলা তার থেকে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে সতর্ক করল হাওড়া পুরসভা। মঙ্গলবার সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের আধিকারিকদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেন পুর কমিশনার তেজস্বী রানা।
পুরসভা সূত্রের খবর, এ দিনের বৈঠকে কমিশনার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আধিকারিকদের শহর জুড়ে বিভিন্ন বাতিস্তম্ভে জড়িয়ে থাকা কেবল সংযোগের তার সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, পুজোর সময়ে শহরে যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের কথাও বলেছেন। উৎসবের মরসুমে সাধারণ মানুষের নিরাপত্তার দিক নিয়েও বৈঠকে আলোচনা হয়। সব মিলিয়ে পুজোয় বিদ্যুতের খোলা তার থেকে কোনও রকম দুর্ঘটনা এড়ানোর বিষয়টি নিশ্চিত করা, রাস্তাঘাটে বেআইনি ভাবে ঝুলে থাকা তারের জট পরিষ্কার করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা— মূলত এই তিন বিষয়ে নজরদারি করার জন্য সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের পরামর্শ দেওয়া হয় বলে খবর।