যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আপ এবং ডাউন— দু’দিকেই মেট্রো দেরিতে চলছিল। ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই নির্ধারিত সময়ের বেশ খানিকটা দেরিতে প্ল্যাটফর্মে ঢুকছে মেট্রো। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ফলে প্ল্যাটফর্মে তো বটেই, মেট্রোতেও ভিড় ক্রমশ বাড়ছে। এক যাত্রীর কথায়, “সকাল সওয়া ১০টা থেকে বরাহনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। পার্ক স্ট্রিটগামী মেট্রোর ঢোকার কথা ছিল ১০টা ২২-এ। সেটা ঢুকল ১০টা ৩৬ মিনিটে। এখানেই ১৪ মিনিট লেট। তার উপর ঠাসা ভিড়।”
মেট্রোর তরফে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যাত্রীদের অবহিত করা হচ্ছে। বিভিন্ন স্টেশনেই এটি ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছেন মেট্রো কর্তৃপক্ষ। বিকেল ৪টে নাগাদ পুরোপথে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার বেলায় একটি বিবৃতি দিয়ে কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে, রুটিন নজরদারি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। তার পরেই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়ন্ত্রিত করা হয়। এই সময়ের মধ্যে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয়। পরে পুরোপথে মেট্রো চললেও পরিষেবা সঠিক সময়ে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ছিল যাত্রীদের।