পুত্রবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল শাশুড়িকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিনা ভট্টাচার্য। তাঁকে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাড়ি থেকে গ্রেফতার করেন সরশুনা থানার তদন্তকারীরা। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজত হয়। ওই ঘটনায় মৃতার স্বামীকে আগেই গ্রেফতার করা হয়েছিল।
গত শনিবার, সপ্তমীর সকালে সরশুনা থানা এলাকার সরকার হাট লেনের বাড়ি থেকে পল্লবী মৌলিক (২৪) নামে এক গৃহবধূর দেহ উদ্ধার করা হয়। দেহটি সিঁড়ির রেলিং থেকে ঝুলছিল। ওই ঘটনায় পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে ওই বধূ স্বামী, শাশুড়ি এবং পরিবারের সদস্যদের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। পরে পল্লবীর পরিবারের তরফে তাঁর স্বামী, শাশুড়ি-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শাশুড়ি আলাদা থাকলেও পল্লবীর সঙ্গে পারিবারিক অশান্তি ছিল। পল্লবীর স্বামী হোটেলে কাজ করেন। তাঁদের চার বছর আগে বিয়ে হয়েছিল। দুই মেয়ে রয়েছে ওই দম্পতির।
ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পল্লবী আত্মহত্যা করেছেন বলে খবর। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী প্রণয় ভট্টাচার্যকে গ্রেফতার করে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে। সুইসাইড নোট ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শাশুড়িকে ধরা হয়। পরিবারের বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।