Advertisement
E-Paper

নকশার অনুমতি নিখরচায়

কলকাতার সরকারি, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে বাড়ি তৈরির নকশা অনুমোদনের জন্য আর ফি দিতে হবে না। স্থানাভাবে জেরবার ওই সব প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০১:৩৬

কলকাতার সরকারি, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে বাড়ি তৈরির নকশা অনুমোদনের জন্য আর ফি দিতে হবে না। স্থানাভাবে জেরবার ওই সব প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে পুরসভা। তবে তা দেওয়ার আগে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে। বুধবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, শীঘ্রই এ নিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।

বর্তমানে নির্মাণের নকশা অনুমোদনের জন্য মোটা টাকা জমা দিতে হয় পুরসভার বিল্ডিং দফতরে। শোভনবাবু জানান, ওই স্কুল-কলেজগুলোর বাড়ি তৈরির খরচ দেয় সরকার। সেই টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছনো অবধি ভবন তৈরির কাজও বন্ধ থাকে। পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়। সব ভেবেই পুরসভা বিশেষ ছাড় দিতে চায়। তবে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওই সুবিধা পাবে না।

সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি কলেজের কর্তারা ভবনের নকশা অনুমোদনের জন্য পুরসভায় আবেদন জানান। পুরসভার নিয়ম অনুযায়ী সেই ফি-র পরিমাণ দাঁড়ায় ৪৫ লক্ষ টাকা। যা শুনে রীতিমতো চিন্তায় পড়ে ওই কলেজ প্রশাসন। একাধিক মন্ত্রীর শরণাপন্ন হয় তারা। মেয়র শোভনবাবু এ দিন জানান, বেশির ভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সাংসদ তহবিল, বিধায়ক তহবিল থেকে টাকা দেওয়া হয় ওই সব প্রতিষ্ঠানে। অর্থাৎ, সরকারের একটি দফতর থেকে আর একটি দফতরে বরাদ্দ হয়। এর জন্য অনেকটা সময়ও যায়। নকশা অনুমোদনের খরচ মকুব করা হলে প্রতিষ্ঠানগুলির সুবিধা হবে।

শোভনবাবু জানান, পুরসভা এমনিতেই অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তিকর মকুব করে দিয়েছে। এ বার নকশা অনুমোদনেও ছাড় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ের বোঝা একটু হাল্কা করতে চায়।

House Design Kolkata Municipal Corporation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy