ব্যবসায় অংশীদার করার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। শনিবার শিলিগুড়ি থেকে প্রতাপ রায় নামে ওই ব্যক্তিকে ধরা হয়। তাঁর বাড়ি বনগাঁর চাঁদা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমদানি-রফতানি ব্যবসায় অংশীদার করার কথা বলে বসিরহাটের বাসিন্দা জয়ন্ত দাসের কাছ থেকে ২৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রতাপের বিরুদ্ধে। পরে জয়ন্ত টাকা ফেরত চাইলে প্রতাপ তাঁকে ২৪ লক্ষ টাকার একটি চেক দেয়। কিন্তু অভিযোগ, ওই চেক বাউন্স করে। এর পরেই বসিরহাট আদালতে অভিযোগ দায়ের করেন জয়ন্ত। তাঁর আইনজীবীর দাবি, আদালতের তরফে একাধিক বার সমন পাঠানো হলেও প্রতাপ হাজির হননি। তিনি পলাতক ছিলেন। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।