E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গলিতে গতির তুফান, বাড়ির কাছেই দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

রবিবার রাতে বন্ধুর জন্মদিন পালন করে আর এক বন্ধুর বাইকে চেপে আসার সময়ে বাড়ির কাছেই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। তাঁর বাড়ি থেকে কয়েকশো মিটারের মধ্যেই ওই দুর্ঘটনা সাড়া ফেলেছে পাইকপাড়ার কাছে রাজা মণীন্দ্র রোডে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৭:৫৯

— প্রতীকী চিত্র।

বাড়ি ফেরার পথে এসেও বাড়ি ফেরা হল না। বেপরোয়া গতির জেরে মোটরবাইক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক।

রবিবার রাতে বন্ধুর জন্মদিন পালন করে আর এক বন্ধুর বাইকে চেপে আসার সময়ে বাড়ির কাছেই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। তাঁর বাড়ি থেকে কয়েকশো মিটারের মধ্যেই ওই দুর্ঘটনা সাড়া ফেলেছে পাইকপাড়ার কাছে রাজা মণীন্দ্র রোডে। বেপরোয়া গতিতে বাইক ছোটানোর ফলেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

তদন্তকারীরা জানান, মৃতের নাম জয় দাস (২৪)। তাঁর বাড়ি রাজা মণীন্দ্র রোডে। রবিবার রাতে এক বন্ধুর জন্মদিন পালনের পরে খাওয়াদাওয়া সেরে অন্য এক বন্ধুর সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ওই যুবক। রাজা মণীন্দ্র রোডের একটি গলির ভিতর দিয়ে বাইকটি আসছিল। বিট্টু পাল নামে এক বন্ধুর সঙ্গে বাইকে ছিলেন জয়। অত্যধিক গতি তুলে ফেলায় বিট্টু বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িতে ধাক্কা মারেন। বাইকের পিছনের সিট থেকে এক প্রকার উড়ে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন জয়। মাথার পিছনে আঘাত পান তিনি। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিট্টুকে পরে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়েছে। জয় মাছের দোকানে কাজ করতেন। পরিবারের ছোট ছেলে। সোমবার রাজা মণীন্দ্র রোডে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, রাস্তায় লোকজনের জটলা। পরিজনেরা জানান, জয়ের মাকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে তিনি প্রবল উদ্বেগে রয়েছেন। এ ভাবে কার্যত বাড়ির কাছে দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না পাড়ার অনেকেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকের ধাক্কায় গাড়িটির চাকা ফেটে যায়। বিকট শব্দে বাইকটি উল্টে পড়ে রাস্তার উপরে। গলির ভিতরে কতটা গতি তুললে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে, তা নিয়ে এ দিন আলোচনা করতে দেখা যায় স্থানীয় লোকজনকে। বাইকচালক বিট্টুও রাস্তায় পড়ে জখম হন। পুজোর আগে এমন এক ঘটনায় কার্যত বাক্যহারা জয়ের প্রতিবেশীরাও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
bike accident Accidental Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy