এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পরেও খোঁজ মিলল না রোগীর। নিখোঁজ ওই প্রৌঢ়ের নাম সজল দাস। তিনি নিউ ব্যারাকপুরের বাসিন্দা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন ওই রোগী। তাঁকে খিদিরপুর এলাকায় শেষ বার দেখা গেলেও তার পর থেকে আর খোঁজ মিলছে না।
পরিবার সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছিল। গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে রোগীকে এমআরআই করাতে নিয়ে গিয়েছিলেন তাঁদের পরিবারের এক সদস্য। অভিযোগ, তার পর আর ফেরেননি রোগী। দাবি, এমআরআই করে ফেরার সময়ে পরিবারের সদস্য যুবককে আচমকা মারধর করে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান সজল। রোগী শয্যায় না ফেরায় হাসপাতালের তরফে ভবানীপুর থানায় জানানো হয়েছিল। পরে প্রৌঢ়ের ছেলে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতাল সূত্রের খবর, ওই রোগী ম্যাকেঞ্জি ওয়ার্ডের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। পরিবারের লোকেরাই এমআরআই করতে নিয়ে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী ওয়ার্ডে না ফেরায় কর্তব্যরত নার্স এমআরআই সেন্টারে যোগাযোগ করেন, রোগী তখন পরীক্ষা করে বেরিয়ে গিয়েছেন। এর পরে রোগীর বাড়ির লোকের নম্বরে ফোন করা হলেও কেউ ধরেননি বলে দাবি। হাসপাতালের তরফে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ করা হয়।
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে দেখেছে, প্রৌঢ় হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। ফুটেজে খিদিরপুরেও তাঁর দেখা মেলে। ওই রোগীকে কেউ আটকে রেখেছেন কিনা, তা-ও দেখছেন তদন্তকারীরা।