E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তোলা দিতে অস্বীকার, মারধর প্রোমোটারকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদমের পি কে গুহ রোডে প্রোমোটার অমরনাথ সিংহ সোমবার তাঁর অফিসে বসে কাজ করছিলেন। সেই সময়ে তাঁর কয়েক জন ক্রেতা সেখানে ছিলেন। পুলিশের কাছে অভিযোগকারী প্রোমোটার জানিয়েছেন, ৭ নম্বর ওয়ার্ডে সম্প্রতি একটি নির্মাণকাজে তিনি হাত দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৬ ০৬:২২

— প্রতীকী চিত্র।

তোলা না দেওয়ায় প্রোমোটারকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ রায় ওরফে টিকটিকি রাজু। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দমদম থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদমের পি কে গুহ রোডে প্রোমোটার অমরনাথ সিংহ সোমবার তাঁর অফিসে বসে কাজ করছিলেন। সেই সময়ে তাঁর কয়েক জন ক্রেতা সেখানে ছিলেন। পুলিশের কাছে অভিযোগকারী প্রোমোটার জানিয়েছেন, ৭ নম্বর ওয়ার্ডে সম্প্রতি একটি নির্মাণকাজে তিনি হাত দিয়েছেন। সেই প্রেক্ষিতে ১৫ দিন আগে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল তাঁর কাছে। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। অমরনাথের অভিযোগ, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ জনা ১৫-২০ জন এসেছিল তাঁর অফিসে। তাদের মধ্যে ৪-৫ জন অফিসে ঢোকে। ওই প্রোমোটারের অভিযোগ, এক জন তাঁকে মারতে শুরু করে। তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এর পরে আরও তিন ব্যক্তি অফিসে বসে থাকা এক ক্রেতার গায়ে হাত তোলে। ভয়ে অন্যেরা অফিস থেকে বেরিয়ে যান। এর পরে এক ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বার করে অমরনাথের মাথায় আঘাত করে বলে অভিযোগ। এর জেরে তাঁর মাথা থেকে রক্ত ঝরতে থাকে।

পুলিশ সূত্রের খবর, আক্রান্ত প্রোমোটার আরও জানান, এক জনকে তিনি চিনতে পেরেছেন। সেই ব্যক্তি সম্প্রতি দল পরিবর্তন করে বিজেপিতে এসেছে বলে তাঁর দাবি। মারধরের পাশাপাশি হামলাকারীরা অমরনাথের অফিসে ভাঙচুর চালায়, তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। দুষ্কৃতীরা ওই প্রোমোটারের টাকা, মোবাইল, সোনার চেন নিয়ে পালায় বলেও অভিযোগ।

ঘটনার নিন্দা করে দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী জানান, তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। সরকার এবং দল এই বিষয়ে শূন্য-সহনশীলতা নীতি নিয়েছে। যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে দল নির্বিশেষে পদক্ষেপ করতে পুলিশকে বলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, কেন এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Promoter Extortion Lynching

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy