নিখোঁজ ডায়েরির নাটক করেও শেষরক্ষা হল না। অবশেষে সেই বিচারকের নির্দেশে গ্রেফতার হতে হল সঞ্জয় পাল নামে হাবড়ার শ্রীপুর রাধারানি পার্ক এলাকার এক বাসিন্দাকে।
২০২১ সালে সঞ্জয়ের বিরুদ্ধে বারাসত আদালতে ভরণপোষণের মামলা করেন তাঁর স্ত্রী। সেই মামলায় বিচারক খোরপোশের নির্দেশ দিলে অভিযুক্ত এলাকা ছেড়ে উত্তর ভারতের বৃন্দাবনে পালিয়ে যায় বলে খবর।
২০২৩ সালে পরিবারের তরফে হাবড়া থানায় তাঁর নিখোঁজ ডায়েরি করা হয়। আদালতের একাধিক নোটিস বাড়িতে এলেও সঞ্জয় হাজিরা দেননি। এমনকি স্ত্রীর ভরণপোষণের টাকাও দেননি। এর পরেই বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সম্প্রতি সঞ্জয় এলাকায় ফিরে এসেছেন এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে তাঁকে হাবড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।