চম্পাহাটির বাজি মহল্লায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আরও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। এই নিয়ে গত কয়েক দিনের লাগাতার অভিযানে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হল বলে পুলিশ সূত্রের খবর।
চম্পাহাটির হারাল সংলগ্ন পিয়ালীর ঘোলাঘাটার একটি বেআইনি বাজি কারখানায় গত বৃহস্পতিবার বিস্ফোরণ হয়। দু’জন আহত হন। ভেড়ির আড়ালে ওই বাজি কারখানা চলছিল বলে অভিযোগ। দুর্ঘটনার পরে তৎপর হয় পুলিশ। বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বেআইনি বাজির কারবার নিয়ে সতর্ক করা হয়। পাশাপাশি, দফায় দফায় তল্লাশি অভিযান শুরু হয় বাজি মহল্লা জুড়ে।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, “ইতিমধ্যেই প্রচুর নিষিদ্ধ শব্দবাজি আমরা উদ্ধার করেছি। আগামী দিনেও অভিযান চলবে।” অন্য দিকে, মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন মহেশতলা এবং বজবজ থানা এলাকার বাজি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি নিষিদ্ধ বাজি এবং ৪০ কেজি বারুদ উদ্ধার করে পুলিশ। এসডিপিও ধীমান মিত্র বলেন, ‘‘বাজি তৈরিতে যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’