E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হাইট বারে বিশেষ নজর, ডিজে বন্ধে কড়া নগরপাল

শনিবার কলকাতা পুলিশ এলাকার সমস্ত থানার ওসি এবং পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন নগরপাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৩৭
মনোজ বর্মা।

মনোজ বর্মা। —ফাইল চিত্র।

কালীপুজোর শেষে প্রতিমা বিসর্জনের সময়ে লরির চালকদের সচেতন করার পাশাপাশি বাহিনীকেও সতর্ক থাকতে বললেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। হাইট বার রয়েছে যে রাস্তায়, সেখান দিয়ে প্রতিমা নেওয়ার ব্যাপারেও নজরদারি চালাতে বলেছেন তিনি।

শনিবার কলকাতা পুলিশ এলাকার সমস্ত থানার ওসি এবং পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন নগরপাল। বিসর্জনে ডিজে বাজানো বন্ধ রাখার ব্যাপারে আলিপুর বডিগার্ড লাইন্সের এই বৈঠকে কড়া হওয়ার বার্তা দেন তিনি। কালীপুজোর দিন শুধুমাত্র রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্তই যে আদালতের নির্দেশ মেনে সবুজ বাজি পোড়ানো যাবে, সেটি নিশ্চিত করার নির্দেশ দেন।

প্রতি বার পুজোর রাতে এবং তার পরের দিন কলকাতা শহরের বহুতলগুলির ছাদে দেদার বাজি ফাটানোর অভিযোগ ওঠে। কিন্তু সেখানে প্রবেশ করতে পারে না পুলিশ। এ বার এমন বহুতল চিহ্নিত করা হবে। আবাসন কমিটির থেকে নিয়ম বহির্ভূত ভাবে বাজি না ফাটানোর বিষয়ে মুচলেকাও নিতে চলেছে তারা। ফানুস ওড়ানোও সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন নগরপাল।

লালবাজার জানিয়েছে, কলকাতা পুলিশ এলাকায় মোট ৩৪৩৯টি কালীপুজো হচ্ছে। প্রতিমা নিরঞ্জন করা যাবে ২১ থেকে ২৩ অক্টোবর। পুজোর দু’দিন নজরদারির জন্য শহরে মোট ২৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ১০টি ডিভিশনে ১০টি অটো করে অলিগলিতে নজরদারি চালানো হবে। থাকছে ২২টি মোবাইল পেট্রোল টিম। প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ১৪টি ঘাটে রিভার ট্র্যাফিক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। থাকছে প্রচুর সংখ্যায় ডুবুরি। পাশাপাশি, বেআইনি বাজির বিরুদ্ধে ধরপাকড় বাড়াতে নির্দেশ দিয়েছেন নগরপাল। এ দিনই ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছ থেকে প্রায় ৬০০ কিলোগ্রাম নিষিদ্ধ বাজি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহম্মদ জিসান নামে ২৩ বছরের এক যুবককে। জেরায় তিনি জানান, এই বাজি আসানসোলে পাঠানোর চেষ্টা করছিলেন তিনি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
deepabali Diwali Kolkata Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy