নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ। কালীপুজোর মুখে চম্পাহাটির হাড়ালে বাজি বাজারে বহু দোকানেই নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগ আসছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। একাধিক দোকানে তল্লাশি চালিয়ে কয়েক কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। ওই বাজি বিক্রির অভিযোগে পাঁচটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা সত্ত্বেও হাড়ালে শব্দবাজি তৈরি এবং বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কালীপুজোর মুখে এ বারও বাজি বাজার বসেছে সেখানে। সেই বাজারেই গত কয়েক দিন ধরে কার্যত প্রকাশ্যে বিক্রি হচ্ছিল শব্দবাজি। সোমবারের অভিযানে নেমে বাজি বাজারের বহু দোকানে ঢুকে পড়েন পুলিশ আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে বেশ কিছু দোকান থেকে কয়েক কেজি করে শব্দবাজি পাওয়া যায়। পাশাপাশি, ক্রেতাদের ব্যাগও পরীক্ষা করে দেখে পুলিশ।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘‘বার বার সতর্ক করার পরেও কিছু ব্যবসায়ী নিষিদ্ধ বাজি বিক্রি চালিয়ে যাচ্ছেন। পাঁচটি দোকান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতির সদস্যদের সতর্ক করা হয়েছে। এর পরেও নিষিদ্ধ বাজি বিক্রি হলে প্রশাসন পুরো বাজারই বন্ধ করে দেবে।’’