দুর্গাপুজোর আগেই শুরু হয়ে গেল হাওড়া পুরভোটের প্রস্তুতি। জেলা প্রশাসন সম্প্রতি পুরসভার ওয়ার্ড সংরক্ষণ নিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে হাওড়ার জেলাশাসক তথা হাওড়া জেলার নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। পাশাপাশি, গত শুক্রবার থেকেই ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে আসতে শুরু করেছে বাক্সবন্দি ইভিএম। জেলা প্রশাসন সূত্রের খবর, ওই খসড়া তালিকা পৌঁছেছে প্রতিটি রাজনৈতিক দলের কাছে। এই তালিকা সম্পর্কে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলি মতামত জানাতে পারবে। খসড়া তালিকায় হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড পুনর্বিন্যাস করে ৬৮টি ওয়ার্ড করার পরে তার মধ্যে ২৩টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
হাওড়ার জেলাশাসক তথা পুরভোটের নির্বাচনী আধিকারিক পি দীপাপ প্রিয়া এই খসড়া তালিকা প্রকাশ করে জানান, আগেই হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬৮ করা হয়েছে। এ বার তার মধ্যে যে ওয়ার্ডগুলি মহিলা, তফসিলি জাতি ও তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত করা হল, সেই তালিকা জেলাশাসকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী হাওড়ায় মহিলাদের জন্য ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯, ৬২ ও ৬৫ নম্বর ওয়ার্ড সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়াও ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন দলের তরফে তফসিলি জাতিভুক্ত মহিলা ভোটে দাঁড়াতে পারবেন। আর ৬৬ নম্বর ওয়ার্ড সংরক্ষণ করা হয়েছে তফসিলি জাতিভুক্ত কোনও পুরুষ বা মহিলা প্রার্থীর জন্য।