উত্তর দমদমের খলিসাকোটায় রাজা দত্তকে হত্যার ঘটনাটি পরিকল্পনামাফিক কিনা, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশ সূত্রের খবর, মৃতের দেহে আঘাত দেখে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদে তেমনই সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক ভাবে উঠে আসছে, রাজার মৃত্যু নিশ্চিত করতে তাঁর পায়ে ও পেটে খুব কাছ থেকে পর পর কয়েক রাউন্ড গুলি করা হয়। নিজেকে রক্ষা করার সুযোগই পাননি রাজা। পুলিশের আরও অনুমান, পায়ে গুলি লেগে পড়ে যাওয়ার পরে রাজার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। যদিও ঘটনাক্রম এবং ধৃতদের বয়ানের মধ্যে বেশ কিছু অসঙ্গতি থাকছে বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এই হত্যাকাণ্ডে তিন অভিযুক্তকে ধরা হলেও নেপথ্যে আরও মাথা থাকতে পারে। ধৃতদের জেরা করে সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ।