E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ট্রেনের অপেক্ষা কমাতে আরও দুই প্ল্যাটফর্ম হাওড়ায়

হাওড়ায় পুরনো চাঁদমারি এবং বেনারস রোড সেতুর জায়গায় দু’টি নতুন সেতু তৈরি হচ্ছে। ওই দু’টি সেতুর নির্মাণ চলতি বছরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা। দু’টি সেতু চালু হয়ে গেলে পুরনো সেতু ভেঙে ফেলা হবে।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৮:০৬
হাওড়া স্টেশন।

হাওড়া স্টেশন। — ফাইল চিত্র।

হাওড়া স্টেশনের পুরনো এবং নতুন কমপ্লেক্সে দু’টি নতুন প্ল্যাটফর্ম নির্মাণের পরিকল্পনা করেছেন রেল কর্তৃপক্ষ। এত দিন হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে ১ থেকে ১৪ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল। ওই কমপ্লেক্সে পূর্ব-পশ্চিম মেট্রোর স্টেশনের প্রবেশপথের গা ঘেঁষে একটি নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন ওই প্ল্যাটফর্ম ১৫ নম্বর হিসেবে পরিচিত হবে। দূরপাল্লার এবং শহরতলির ট্রেন চলাচল আরও মসৃণ করতে এই সিদ্ধান্ত। অতীতে পুরনো কমপ্লেক্সে ৩১২ মিটার দীর্ঘ একটি ছোট প্ল্যাটফর্ম ছিল। মূলত পরিদর্শন যান, সেলুন কার কিংবা উদ্ধারকারী ট্রেন চালানোর জন্য সেই প্ল্যাটফর্ম ব্যবহার করা হত।

উল্লেখ্য, হাওড়ায় পুরনো চাঁদমারি এবং বেনারস রোড সেতুর জায়গায় দু’টি নতুন সেতু তৈরি হচ্ছে। ওই দু’টি সেতুর নির্মাণ চলতি বছরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা। দু’টি সেতু চালু হয়ে গেলে পুরনো সেতু ভেঙে ফেলা হবে। নতুন সেতু দু’টি বিশেষ প্রযুক্তিতে তৈরি হওয়ায় রেললাইনের কাছ ঘেঁষে থাকা স্তম্ভের প্রয়োজন পড়বে না। এর ফলে ১৫ নম্বর প্ল্যাটফর্ম ছাড়াও একাধিক প্ল্যাটফর্ম সম্প্রসারণের পরেও রেললাইন বসানোর জন্য অনেকখানি পরিসর বেরোবে।

প্রায় ৩১২ মিটার দীর্ঘ পুরনো প্ল্যাটফর্মের জায়গায় নির্মীয়মাণ নতুন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৫৯১ মিটার। ওই প্ল্যাটফর্ম সংলগ্ন রেলপথ সোজা হওয়ায় ভবিষ্যতে শহরতলির ট্রেন ছাড়াও একাধিক ইন্টার-সিটি এক্সপ্রেস ওই প্ল্যাটফর্ম থেকে দ্রুত চালানো সম্ভব বলে মনে করা হচ্ছে। ট্রেন দ্রুত ওই প্ল্যাটফর্মে ঢুকে সেখান থেকে সহজে বেরিয়ে যেতে পারবে। ১২ কোচের ট্রেন ওই প্ল্যাটফর্ম থেকে সহজে চালানো যাবে বলে দাবি রেলের।

এ সবের পাশাপাশি নতুন কমপ্লেক্সে প্রায় তিন কোটি টাকা খরচ করে ৬৩৫ মিটার দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্মটি তৈরি করা হচ্ছে। আরও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে রেল সূত্রের খবর।

নতুন দু’টি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের প্রক্রিয়া শেষ হলে হাওড়া স্টেশনের ইয়ার্ড ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ, যাতে বেশির ভাগ ট্রেনকে অকারণে ঘুরপথে একাধিক লাইনের জোড় পথে বেরোতে না হয়। এতে ট্রেনের গতি কমে যায়, নির্দিষ্ট ট্রেনকে প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাওয়ার অথবা বার করার সময়ে অন্য লাইনের ট্রেনকে অপেক্ষায় রাখতে হয়। অহেতুক ট্রেন যাতে স্টেশনে আটকে না থাকে, তাই ট্রেন ঢোকা-বেরোনোর প্রক্রিয়াকে সরল করতে চান কর্তৃপক্ষ। নতুন দু’টি প্ল্যাটফর্ম যোগ হলে ও পুরো প্রক্রিয়া শেষ হলে হাওড়া থেকে ট্রেন চলাচল মসৃণ হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Howrah Station Indian Railways

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy