নিম্নচাপ অঞ্চল এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কিছু দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে ভিজবে কলকাতা ও শহরতলি। দক্ষিণের অন্তত সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় শনিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালদা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এখনই ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই শহরে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ওই দিন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। বুধবার ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে চারটি জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন:
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে রবিবার পর্যন্ত, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণ না হলেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রদেশের উপর একটি সক্রিয় নিম্নচাপ অঞ্চল রয়েছে। তা সুস্পষ্ট আকার নিয়েছে। এ ছাড়া, বাংলাদেশের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবেই ঝড়বৃষ্টি চলছে। তবে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে আপাতত কোনও সতর্কতা নেই।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।