রাজনৈতিক দখলদারি নিয়ে গোলমালের জেরে প্রায় পাঁচ মাস আগে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটির অধীনস্থ একটি শিশু হাসপাতালে। বুধবার ওই হাসপাতালের তালা ফের খোলা হল। এ দিন সকালে ওই শিশু হাসপাতালের তালা খোলার সময়ে সেখানে উপস্থিত ছিলেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ, হাওড়া পুরসভায় তৃণমূলের প্রাক্তন মুখ্য প্রশাসক তথা ওই হাসপাতাল তৈরির মূল উদ্যোক্তা, শিশুরোগ চিকিৎসক সুজয় চক্রবর্তী এবং প্রশাসনিক আধিকারিকেরা।
২০২১ সালে রেড ক্রস সোসাইটি তৎকালীন রাজ্য সরকারের কাছ থেকে জমি লিজ় নিয়ে হাওড়া ময়দানের বঙ্গবাসী বাস স্ট্যান্ডের কাছে কয়েক কোটি টাকা খরচ করে ওই শিশু হাসপাতালটি তৈরি করে। কিন্তু কয়েক মাস আগে পরিচালন কমিটির দখলদারি নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করে কয়েক জন কর্মী ওই হাসপাতালে তালা ঝুলিয়ে দেন।
বালির বিধায়ক বলেন, ‘‘পুজোর আগেই এই হাসপাতাল চালু হয়ে যাবে। তিন-চার মাস ধরে কর্মীরা বেতন পাননি। জেলাশাসককে বিষয়টি দেখতে বলেছি। যে ডাক্তারবাবুরা এই হাসপাতালের জন্মলগ্ন থেকে আছেন, তাঁদের ডেকেছি। সকলের উদ্যোগে এটি আবার চালু হবে।’’